ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

`করোনার ভয়ে অদৃশ্য` কিম জং উন

`করোনার ভয়ে অদৃশ্য` কিম জং উন
×

কিম জং উন - ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কথায় কথায় যিনি রকেট ছোঁড়েন, যুক্তরাষ্ট্রকেও হুমকি দেন উড়িয়ে দেওয়ার, সেই কিম জং উনই কিনা এবার ‘অদৃশ্য’ হয়ে গেলেন! তাও আবার দেশের সবচেয়ে বড় উৎসব- নিজের দাদার জন্মোৎসবে দেখা গেল না তাকে? হ্যাঁ, ঠিক তাই। করোনার ভয়ে দেখা দিলেন না উত্তর কোরিয়ার এই পাগলাটে খ্যাত নেতা। অনুষ্ঠানে দেখা যায়নি তার বোন কিম ইয়ো জুংকেও। খবর আলজাজিরার।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১০৮তম জন্মবার্ষিকী ছিল বুধবার। ‘ডে অব দ্য সান’ হিসেবে পালিত দিনটিতে থাকে সরকারি ছুটি, সঙ্গে দিনভর চলে জন্মোৎবের নানা আয়োজন। দাদার জন্মদিন ঘটা করেই পালন করেন বর্তমান রাষ্ট্রপ্রধান কিম জং উন। দিনটি উপলক্ষে দেন নানা ঘোষণা। পরীক্ষা চালান নতুন ক্ষেপণাস্ত্র কিংবা রকেটের। কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দাদা কিম ইল সুং ও বাবা কিম জং ইলের বিশাল মূর্তিতে।

তবে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের প্রকাশিত সেই ফুলেল শ্রদ্ধার ছবিতে দেখা যায়নি উনকে। ছবিতে দেখা যায়, ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তারা কুমসুসান প্যালেসে কিম ইল সুংয়ের ভাষ্কর্যে ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু সেখানে কিম জং উন নেই।

উনের এ 'অদৃশ্'য হওয়াকে মেনে নিতে পারছে না সমালোচকরা। উত্তর কোরীয় নেতার কর্মকাণ্ডে নজর রাখা দক্ষিণ কোরীয় সংবাদ মাধ্যম এনকে নিউজের বিশ্লেষক পিটার ওয়ার্ড বলেন, কিম জং উনের এ অনুপস্থিতির মানে হয়তো তিনি কোনো রোগে আক্রান্ত হয়েছেন। কিংবা হয়তো বড় কোনো পরিবর্তন ঘটে গেছে দেশটিতে।

অনেকে বলছেন, হয়তো করোনার ভয়ে বাইরে বের হননি উন। উনকে সর্বশেষ দেখা গেছে গত ১১ এপ্রিল, দেশের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায়।

সারা বিশ্ব করোনায় কুপোকাত হলেও উত্তর কোরিয়ায় এখনও এই ভাইরাসের সংক্রমণ হয়নি বলেই দাবি দেশটির কর্তৃপক্ষের। যদিও দেশটির কর্তৃপক্ষ এরইমধ্যে ৩০০ বিদেশিসহ দুই হাজারের বেশি বাসিন্দাকে কোয়ারেন্টাইনে রেখেছে বলে গণমাধ্যমের খবরে প্রকাশ।

আরও পড়ুন

×