এবার করোনার হানা ভারতীয় নৌবাহিনীতেও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৯:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
এবার করোনাভাইরাসের সংক্রমণ ছড়াল ভারতীয় নৌবাহিনীতেও। ২১ জন নৌসেনার কোভিড—১৯ পজিটিভ ধরা পড়ল মুম্বাইয়ে। নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে আক্রান্ত নৌসেনাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মুম্বইয়ের নৌসেনা ঘাঁটি আইএনএস অ্যাঙ্গরে-এ কাজ করেন তারা। এই ঘাঁটি থেকেই নৌসেনা ওয়েস্টার্ন কম্যান্ডের লজিস্টিকাল এবং প্রশাসনিক কাজকর্ম চলে। নৌসেনা সূত্রে খবর, যে ২১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের মধ্যে ২০ জনের শরীরে করোনার কোনো উপসর্গই ধরা পড়েনি। কিন্তু গত ৭ এপ্রিল তাদের মধ্যেই এক জনের দেহে করোনা সংক্রমণের উপসর্গ ধরা পড়ে। তার পরই ওই ঘাঁটিতে থাকা বাকি ২০ জন নৌসেনার শারীরিক পরীক্ষা করা হয়। রিপোর্টে তখন প্রত্যেকেরই পজিটিভ আসে। এই ঘটনার পরই ওই নৌঘাঁটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে এক বিবৃতিতে নৌসেনা জানিয়েছে, সংক্রমণের বিষয়টি সামনে আসার পরই আইএনএস অ্যাঙ্গরে-কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
নৌসেনা সূত্রে আরও জানানো হয়েছে, আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আইএনএস অ্যাঙ্গরে থেকেই কয়েকশো মিটার দূরেই নৌবন্দর। সেখানেই নোঙর করা থাকে ওয়েস্টার্ন কম্যান্ডের যুদ্ধজাহাজ, সাবমেরিন। তবে সেগুলোতে সংক্রমণ ছড়ায়নি বলেই নৌসেনা সূত্রে জানানো হয়েছে।
ভারতীয় সেনা বাহিনীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। তাদের মধ্যে ২ জন চিকিৎসক এবং এক জন নার্স রয়েছেন। তবে নৌসেনা এই ভাইরাসের আঁচ থেকে দূরেই ছিল। এবার এখানেও সংক্রমণ ছড়াল। ফলে উদ্বেগ ছড়িয়েছে নৌসেনায়। খবর: আনন্দবাজার পত্রিকা
