লকডাউন ভেঙে ষাঁড়ের শেষযাত্রায় কয়েকশ’ মানুষ
টুইটার থেকে নেওয়া ছবি
অনলাই ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৯:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের কারণে পুরো ভারত লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। সুযোগ নেই মানুষের শেষযাত্রায় অংশ নেওয়ারও। অথচ এর মধ্যেই একটি ষাঁড়ের শেষযাত্রায় ছুটে এলেন কয়েকশ মানুষ।
সম্প্রতি তামিলনাড়ুর মুধুবারাপট্টি গ্রামে এ ঘটনা ঘটেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও এর ভিডিও শেয়ার করেছেন অনেকে।
আনন্দবাজার পত্রিকা জানায়, গত বুধবার ওই গ্রামের জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃত্যু হয়। তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দেরও খুব কদর মানুষের কাছে। তেমনই একটি ষাঁড়ের মৃত্যু হওয়ার পর তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন কয়েকশ গ্রামবাসী।
ভিডিওতে দেখা যাচ্ছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার ওপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে কয়েকশো মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।
এই গ্রামবাসীদের পরস্পরের থেকে দূরত্ব রাখা তো দূরের কথা, কারও মুখেই প্রায় কোনও মাস্ক পর্যন্ত নেই। সবাই একসঙ্গে এ ভাবেই চলছেন।
তামিলনাড়ুতে প্রায় সাড়ে ১২শ মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। এমন পরিস্থিতিতেও মানুষ যে সতর্ক নন, বার বার সেই ছবি সামনে আসছে।
