ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জিম্মিদের মুক্তির আগে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ চায় হামাস

জিম্মিদের মুক্তির আগে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ চায় হামাস
×

টাইমস অব ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ২০:২৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ২০:২৯

জিম্মি দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার বিষয়টি হামাসের ‘শুভেচ্ছা’ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ। তিনি বলেন, 'হামাস যে একটি সন্ত্রাসী সংগঠন নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর প্রমাণ দিতেই এটি হামাসের পক্ষ থেকে শুভেচ্ছার একটি ইঙ্গিত।' খবর আল-জাজিরার

গাজী হামাদ আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'কাতারের মধ্যস্থতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'

হামাসের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেন, 'জিম্মিদের মুক্তির বিষয়টি ইতিবাচকভাবে সম্পন্ন করতে চায় হামাস, তবে তার আগে ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে।'

হামাস জিম্মিদের সঙ্গে 'মার্জিত ও সম্মানের' আচরণ করছে বলেও জানান তিনি।

বিবিসি জানায়, ইতোমধ্যে জিম্মি দুই মার্কিন নাগরিকের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, জিম্মি দুই মার্কিন নাগরিক (মা জুডিথ রানান এবং মেয়ে নাটালি) হামাসের হাত থেকে মুক্তি পেয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল গাল হিরশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাজা সীমান্তে তাদের গ্রহণ করেছেন। এ মুহূর্তে তারা ইসরায়েলের কেন্দ্রস্থলে একটি সামরিক ঘাঁটিতে যাচ্ছেন, যেখানে তাদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন।

এদিকে জিম্মি দুই মার্কিন নাগরিকের মুক্তির খবরে 'আনন্দে আত্মহারা' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন

×