ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনার উৎস নিয়ে তদন্তের দাবি নাকচ করলো চীন

করোনার উৎস নিয়ে তদন্তের দাবি নাকচ করলো চীন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ২২:৪৯

করোনাভাইরাসের উৎস শনাক্ত করতে আন্তর্জাতিক তদন্তের দাবি নাকচ করে দিয়েছে চীন। 

যুক্তরাজ্যে চীনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বলেছেন, আন্তর্জাতিক তদন্তের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি মেনে নেওয়া মানে করোনা পরিস্থিতি মোকাবিলার গুরুত্বপূর্ণ কাজ থেকে মনোযোগ সরিয়ে নেওয়া। খবর বিবিসির

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক প্রতিবেদনে চীনের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছে। 

কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  হুবেই প্রদেশের সরকারি গবেষোগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। 

যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়া ও জার্মানিও সামিল হয়েছে চীনবিরোধী অবস্থানে।  

তবে চীনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বলেছেন, আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে সম্মত নয় চীন। এই মুহূর্তে আমরা ভাইরাস মোকাবিলা নিয়ে ব্যস্ত। আমাদের সমস্ত মনোযোগ আর শক্তি ভাইরাস মোকাবিলার কাজে ব্যয় করছি। এ নিয়ে তদন্তের প্রশ্ন কেন আসছে? এতে মনোযোগ অন্যদিকে সরে যাবে।

তিনি বলেন, ‘আমার মনে হয় আন্তর্জাতিক তদন্তের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ব্যাপারে কোনো দেশই সম্মতি দেবে না। এই তদন্তে কারও কোনো উপকার হবে না।

উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। 

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৯২০ জনের। বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৯০ হাজার ৯৮৬ জনে।


আরও পড়ুন

×