ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৪৬

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৪৬
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ২৩:১৪

ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

দেশটির কারাসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার কারণে লকডাউনের মধ্যে কারাগারে খাবার ও পানীয় সংকটে বিক্ষোভ এবং জেল ভেঙে পালানোর চেষ্টাকালে  এ সংঘর্ষ বাধে। খবর বিবিসি ও সিএনএনের।

আইনপ্রণেতা মারিয়া বিৎরিজ মার্তিনেজ জানান, স্বজনদের কারাগারে খাবার পৌঁছানোর সুযোগ দেওয়ার দাবিতে পর্তুগুয়েজা রাজ্যের পশ্চিম গুয়েনায়ার শহরের লস লানোস কারাগারে বন্দিরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা জেল ভেঙে পালানোর চেষ্টা করলে কারারক্ষীদের সঙ্গে তাদের সংঘাত বেধে যায়। মার্তিনেজ জানান, সংঘর্ষকালে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা আহত হন।

কারাসেবা মন্ত্রী আইরিস ভারেলা দাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দিরা জেল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এ সংঘর্ষ বাধে। বন্দিদের একাংশ কারাগারের বাইরে থাকা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। এক বন্দির ছুরি হামলায় কারাগারের ওয়ার্ডেন আহত হয়েছেন। সংঘর্ষে ১৮ কারারক্ষী আহত হয়েছেন।

ভেনেজুয়েলায় ৩০টি কয়েদখানা ও ৫০০ জেলখানায় ১ লাখ ১০ হাজার বন্দি রয়েছে। এই কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। এ কারণে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

×