ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কাশ্মীরে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত

কাশ্মীরে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০২:৩২ | আপডেট: ০৩ মে ২০২০ | ০২:৫৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় গোলাগুলিতে দেশটির সেনাবাহিনীর কর্নেল, মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার শুরু হয়ে গোলাগুলি চলে রোববার ভোররাত পর্যন্ত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর মোট চারজন সদস্য এবং পুলিশের এক কর্মকর্তা রয়েছেন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘কুপওয়ারা জেলার হান্দওয়াড়া এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযান চলছিল। সন্ত্রাসীরা কয়েকজন বেসামরিক নগরিককে জিম্মি করেছে এমন খবর ছিল নিরাপত্তা বাহিনীর কাছে। সে সময় তাদের ওপর হামলা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনী কয়েকজন বেসামরিক নাগরিকেকে জিম্মি দশা থেকে উদ্ধার করে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, গোলাগুলির সময় দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়া শোক প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ভারতীয় পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং এবং জম্মু ও কাশ্মীরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ হুসেইন।

সম্প্রতি বন্দি দশা থেকে মুক্তি পাওয়া জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও টুইটারে নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদ করে বন্দি হয়েছিলেন তিনি।


আরও পড়ুন

×