করোনা: জরুরি অবস্থার মেয়াদ ২ মাস বাড়ালো ফ্রান্স
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ফ্রান্স - আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২০ | ০২:৩৭
করোনা মহামারির কারণে দেশজুড়ে জারি করা স্বাস্থ্য জরুরি অবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৪ জুলাই পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে। এ সময়ের মধ্যে কোনো ব্যক্তি ফ্রান্সে প্রবেশ করলে তাকে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। খবর বিবিসি ও আলজাজিরার।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারিতে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৬০০ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার মানুষ। করোনার বিস্তার রোধে সারাদেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। এর আওতায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা এবং নাইটক্লাব বন্ধ রাখা হয়। ভ্রমণ বা চলাচল করা হয় সীমিত। এসব ব্যবস্থার মধ্যেও দেশটিতে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়। কর্তৃপক্ষের ধারণা, জরুরি অবস্থা জারি করা না হলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হতো আরও কয়েকগুণ, যেমনটি দেখা গেছে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।
যদিও অর্থনৈতিক অচলাবস্থা বিবেচনায় আগামী ১১ মে থেকে ধাপে ধাপে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে ফ্রান্স। স্কুলও খুলে দেওয়া হবে শিগগির। তবে রোববার মন্ত্রিসভার এক বৈঠকের পর সরকার নির্দেশনায় জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় গত ২৪ মার্চ থেকে ঘোষিত স্বাস্থ্য জরুরি অবস্থা এখনই তুলে নেওয়া হবে অবিবেচনাপ্রসূত এবং ঝুঁকিপূর্ণ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান বলেন, করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ঘোষিত স্বাস্থ্য জরুরি অবস্থার মেয়াদ আগামী ২৪ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
ভেরান আরও বলেন, আমাদের আরও অনেক দূর দৌড়াতে হবে। এ সময়ের মধ্যে ফ্রান্সে আসা কোনো বিদেশি কিংবা বিদেশে থাকা কোনো নাগরিক দেশে ফিরে এলে সবাইকে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তিনি বলেন, তবে ফ্রান্সের ভেতর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না। ফ্রান্সের নাগরিকদের ভ্রমণে বাধা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য ভাইরাসটির (করোনা) ভ্রমণ ঠেকানো।
ভেরন বলেন, যদি আমরা জরুরি অবস্থা তুলে নিতে তাড়াহুড়া করি তাহলে তা হবে ফ্রান্সের জনগণের এতদিনের ত্যাগ ও চেষ্টায় অর্জিত সাফল্যের অপচয়।
এদিকে স্বাস্থ্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এ সংক্রান্ত বিল দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। সোমবার বিলটি পার্লামেন্টে উপস্থাপন এবং তা আইনে পরিণত করা হবে বলে জানান সরকারের মুখপাত্র সিবেথ এনডিয়াই।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব