কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের আলামত নেই, বলছেন গোয়েন্দারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০০:০৩ | আপডেট: ০৬ মে ২০২০ | ০০:৫৩
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা মিলছিল না কিমের। তখন সংবাদ মাধ্যমগুলো এই অনুমান করতে শুরু করে যে, কিম হয়তো গুরুতর অসুস্থ। তার হার্টে অস্ত্রোপচার করা হয়ে থাকতে পারে।
গত শনিবার প্রায় ২০ দিন পর একটি সার জনসম্মুখে আসেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যমে বলা হয়, হার্টে অস্ত্রোপচারের কারণে প্রায় তিন সপ্তাহ কিমের দেখা মিলছিল না।
এই বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিসের (এনআইএন) কর্মকর্তারা দেশটির পার্লামেন্টের গোয়েন্দা কমিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে এনআইএনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়, কিমের হার্টে অস্ত্রোপচারের দাবি ভিত্তিহীন।
কিমকে এ বছর এখন পর্যন্ত খুব কমই জনসম্মুখে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বলছেন, করোনাভাইরাসের কারণেই তিনি হয়তো জনসম্মুখে আসছেন কম।
উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটিতে এখনও কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী কিম ইয়োন-চুল বলেন, করোনাভাইরাসের কারণে কিমের জনসম্মুখে না আসাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কারণ করোনার সংক্রমণ ঠেকাতে দেশটি কঠোর পদক্ষেপ নিয়েছে।