ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনা মুক্তিতে মাদাগাস্কারের ‘হারবাল চা’!

করোনা মুক্তিতে মাদাগাস্কারের ‘হারবাল চা’!
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০১:২৪ | আপডেট: ০৬ মে ২০২০ | ০৩:৫৮

করোনাভাইরাসের প্রতিরোধের উপায় খুঁজে সারা দুনিয়ার তাবত চিকিৎসক-গবেষকরা গলদ্ঘর্ম। কার্যকর উপায় এখনো কেউই ঠাওরাতে পারেননি। অবশ্য কোনো কোনো দেশ আশাবাদী। খুব শিগগিরই তারা কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন বের করে ফেলতে পারবে। কিন্তু মারণ ভাইরাসের আক্রমণের তীব্রতার কাছে সে আশাকে অনেক দূরের ব্যাপার বলে মনে হচ্ছে।

কিন্তু এর মধ্যেই আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এমন এক হারবাল ওষুধের কথা বলেছেন, যা করোনা প্রতিরোধ ও করোনামুক্তিতে কাজ কওে বলে দাবি করেছেন তিনি।

যে রোগে বিশ্বব্যাপী আড়াই লাখের বেশি মানুষের মৃত্যু ঘটেছে, আক্রান্ত হয়েছে কম পক্ষে ৩৬ লাখ, সে রোগের প্রতিরোধ ও প্রতিষেধক হারবালেই রয়েছে, এমন কথায় চমকে উঠেছিলেন চিকিৎসা বিশেষজ্ঞরা। 

কিন্তু ২০০৯ সালে ক্ষমতায় আসা মাদাগাস্কারের প্রেসিডেন্টের দাবি ছিল, কোভিড- অর্গানিকস নামের ওই হারবাল ওষুধ খেয়ে দু’জন সুস্থ হয়ে উঠেছে। কূটনীতিক ও সাংবাদিকদের বলেন, এটা হারবাল চা। এটা খেলে সাতদিনের মধ্যেই সেরে উঠবে কোভিড রোগি।

ভারত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিতে সেনারা  বাড়ি বাড়ি গিয়ে ওই হারবালের তৈরি ওষুধ পৌঁছে দেয়। দেশটিতে ১৪৯ জন করোনায় আক্রান্ত হলেও কেউ মারা যায়নি

কোভিড অর্গানিকস জিনিসটা কী? মালাগাসি ইন্সটিটিউট অভ অ্যাপলায়েড রিসার্র্চের দেয়া তথ্যানুসারে, এটা পাওয়া যায় আর্টেমিসিয়া নামের এক ধরনের গাছ থেকে। এই গাছটির ম্যালেরিয়ার বিরুদ্ধেও কাজ করে থাকে। আর্টেমিসিয়ার সঙ্গে অন্যান্য দেশীয় ভেষজও ব্যবহার করা হয়। এর পর এটাকে পানীয়তে পরিণত করা হয়।

আর্টেমিসিয়া নামের ওই উদ্ভিদটি ম্যালেরিয়ার ওষুধ তৈরির উৎস হিসেবে ১৯৭০ সনের দিকে চীন থেকে মাদাগাস্কারে নেয়া হয়েছিল।

হারবালটি এখন চা হিসেবে বোতলে ভরে বিক্রি করা হয়। রাজোয়েলিনা বলেছেন, এটাকে ইনজেকশন হিসেবে শরীরে পুশ করার প্রক্রিয়া উদ্ভাবনের কাজ চলছে।

তবে রাজোয়েলিনার এই দাবিকে নিরুৎসাহিত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তারা কোভিড ১৯ এর ওষুধ হিসেবে কোনো অপরীক্ষিত বস্তু ব্যবহার না করার পরামর্শ দেয়।

গত সোমবার এক বিবৃতিতে জানানো হয়, ওষুধ হিসেবে বাকি বিশ্ব যা ব্যবহার করবে, আফ্রিকার মানুষদেরও সে একই ওষুধ ব্যবহার করা দরকার। একই মানের এবং একই গুণের।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও (সিডিসি) পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়েছে।

তবে আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা মাদাগাস্কারের প্রেসিডেন্টের কথার দামই দিচ্ছেন বেশি। তাঞ্জানিয়া, লাইবেরিয়া ও গিনি বিসাউসহ কিছু দেশ ওই রেমিডি পেতে তাদের আগ্রহের কথা জানিয়েছে। 

আফ্রিকার দেশগুলোতেও এখন করোনাভাইরাসের আক্রমণ শুরু হয়েছে। কেবল বাদ রয়েছে লেসোথো । মহাদেশটিতে মঙ্গলবার পর্যন্ত মারা গেছে ১ হাজার ৮৬২ জন। সূত্র : বিবিসি

আরও পড়ুন

×