ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পরবর্তী মহামারি ঠেকাতে এখনই তৎপর বিজ্ঞানীরা

পরবর্তী মহামারি ঠেকাতে এখনই তৎপর বিজ্ঞানীরা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০১:৩৪ | আপডেট: ০৬ মে ২০২০ | ০২:৩৪

করোনা মহামারিতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আড়াই লাখের বেশি মানুষ। আরও প্রায় ৩৭ লাখ মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে রয়েছেন অসংখ্য জন। ভাইরাসটি ঠেকাতে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানীরা। কার্যকর ভ্যাকসিন পাওয়া কতদিনে সম্ভব, সেটি বলতে পারছেন না কেউ। তবে এরইমধ্যে একদল বিজ্ঞানী চিন্তা করছেন, করোনার মতো আর কোনো মহামারি ভবিষ্যতে যাতে মানব সমাজে আঘাত হানতে না পারে, সেজন্য আগেভাগেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। পশুপাখি থেকে আর কোনো ভাইরাস যাতে মানুষের মধ্যে না ছড়ায়, সেজন্য দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে কাজ শুরু করছেন ৪০ জন বিজ্ঞানী। এ নিয়ে অর্থায়ন করছে অস্ট্রেলিয়ার সরকার। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। ধারণা করা হয়, উহানের জীবন্ত পশুপাখির মার্কেট থেকে বাদুরের মাধ্যমে মানবদেহে এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। শুধু করোনা ভাইরাসই নয়, গত চার দশকে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, সার্সসহ একের পর এক ভাইরাসের সংক্রমণ ঘটেছে পশুপাখির মাধ্যমে। এতে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু একটি ভাইরাস ছড়ানোর পর ভবিষ্যতে যে আরেকটি ছড়াতে পারে, তা নিয়ে কেউ সতর্ক হয়নি। আগেভাগে নেয়নি কোনো প্রতিরোধ ব্যবস্থা। এবার তাই করোনা মহামারির পর ভবিষ্যতের অন্য কোনো ভাইরাস সংক্রমণ ঠেকাতে এখনই কাজে নেমে পড়ছেন বিজ্ঞানীরা।   

বিজ্ঞানীদের দলটি বলছেন, পশু থেকে মানবশরীরে রোগের সংক্রমণ নিয়ে দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তারা। এবার ৪০ জনের দলটি মিলে দক্ষিণপূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভেটেরিনারি সার্জনদের সংক্রমিত রোগ শনাক্তে প্রশিক্ষণ দেবেন তারা। যাতে পশুর থেকে সংক্রমণ মানুষের মধ্যে ছড়ানোর আগেই শনাক্ত করা যায়।

বিজ্ঞানী দলের অন্যতম সিডনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বায়োস্ট্যাটিক্স অ্যান্ড এপিডোমলোজির অধ্যাপক নবনীত ধ্যান্ড বলেন, বেশির ভাগ সংক্রমিত রোগ হচ্ছে জুনোটিক অর্থাৎ রোগগুলো পশুপাখি থেকে মানুষে ছড়ায়।

তিনি বলেন, পশুপাখির শরীরে থাকা রোগগুলো যদি আগেভাগে শনাক্ত করা যায়, তবে তা মানুষের শরীরে সংক্রমিত হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া যাবে।

গবেষকরা জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের অন্তত ২০০ ভেটেরিনারি সার্জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। তারা প্রকৃতি এবং চিড়িয়াখানায় থাকা অসুস্থ পশুপাখির নমুনা সংগ্রহ ও পরীক্ষা চালাবেন। এ নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে। এই প্রশিক্ষণ প্রকল্পে তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার সরকার ব্যয় করবে ৪৩ লাখ ডলার।

আরও পড়ুন

×