ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সব বিদেশি শ্রমিকের করোনা পরীক্ষা করবে সিঙ্গাপুর

সব বিদেশি শ্রমিকের করোনা পরীক্ষা করবে সিঙ্গাপুর
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০০:০১ | আপডেট: ১৩ মে ২০২০ | ০০:১০

সিঙ্গাপুরে কর্মরত ৩ লাখ ২৩ হাজার বিদেশি শ্রমিকের সবার করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ডরমেটরিগুলোতে থাকা এসব প্রবাসী শ্রমিক পরীক্ষা সম্পন্ন হলেই কাজে যোগ দিতে পারবেন। খবর বিবিসি ও স্ট্রেইটস টাইমসের। 

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে আঘাত হানার পর সিঙ্গাপুরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৭১ জন। এদের মধ্যে মারা গেছেন ২১ জন। আক্রান্তদের অধিকাংশই প্রবাসী শ্রমিক। 

সিঙ্গাপুরে বিভিন্ন দেশ থেকে আসা মোট ৩ লাখ ২৩ হাজার বৈধ শ্রমিক রয়েছে। এদের বেশির ভাগই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার। নির্মাণশ্রমিক হিসেবে কাজ করা এই শ্রমিকরা সবাই বিভিন্ন ডরমেটরিতে বাস করেন। তবে সেখানে রয়েছে ঘিঞ্জি পরিবেশ। একেকটি রুমে ১৬ জনের বেশি শ্রমিক গাঁদাগাঁদি করে বাস করেন। তাই এদের মধ্যে আক্রান্তের হারও বেশি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ডরমেটরি কোয়ারেন্টাইন করে রাখলেও প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা।

দেশটির জাতীয় উন্নয়নমন্ত্রী লরেন্স ওয়াং বলেন, এ পর্যন্ত ৩২ হাজার শ্রমিকের করোনা পরীক্ষা করা হয়েছে। যা বিদেশি শ্রমিকের মাত্র ১০ ভাগ। প্রতিদিন ৩ হাজার শ্রমিকের করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে।

তিনি জানান, সব শ্রমিকের পরীক্ষা সম্পন্ন করতে কয়েক সপ্তাহ লেগে যাবে। তবে সরকার একটি সময়ে গিয়ে নিশ্চিত হতে চায়, ডরমেটরিগুলোতে আর কেউ করোনা পজিটিভ নেই।

আরও পড়ুন

×