জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: সমকাল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৫:১৫ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৫:৩২
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যা মামলায় স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি এক লাখ টাকা যৌতুকের দাবি করে তা না পেয়ে আনোয়ার হোসেন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। ঘটনার দিনই নিহতের বড় ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।
তিনি আরও জানান, তদন্ত চলাকালে অন্য আসামিদের অব্যাহতি দেওয়া হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
- বিষয় :
- হত্যা মামলা
- মৃত্যুদণ্ড
- জরিমানা