ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
×

নিখোঁজ আবদুল আলম

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৫:২৩

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীর প্রবল স্রোতে রাতের অন্ধকারে জ্বালানি কাঠ (লাকড়ি) কুড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে আবদুল আলম (৩৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাঙ্গু নদীর কাটগড় বিওসির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আবদুল আলম উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইঙ্গাপাড়া এলাকার ভেট্টা মিয়ার ছেলে। তিনি পেশায় রিকশাচালক। নিখোঁজ হওয়া আলমের দুইটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে ।

নিখোঁজ আবদুল আলমের বড় ভাই নুরুল আলম জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দা মোরশেদ, কাদের ও ফরমান তাঁদের জানিয়েছেন যে, রাতে সাঙ্গু নদী থেকে কাঠ সংগ্রহ করার জন্য আবদুল আলম তাঁদের সঙ্গে নৌকা নিয়ে নদীতে নেমেছিলেন। কাঠ সংগ্রহের একপর্যায়ে ভোর ৪টা দিকে আবদুল আলম নৌকার মাথা থেকে হঠাৎ নদীতে পড়ে যায় এবং প্রবল স্রোতে নদীর পানিতে তলিয়ে যায়। সহযাত্রীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

স্থানীয় ইউপি সদস্য মো. জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠ সংগ্রহ করতে গিয়ে আবদুল আলম নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজ যুবককে খুঁজে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

কালিইয়াশ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান হাফেজ আহমদ বলেন, বিষয়টা আমি শুনেছি। বন্যার পানির জন্য ওই এলাকায় যাওয়া কঠিন হয়ে পড়েছে। তারপরও একটু পরে ঘটনাস্থলে আমি যাব। 

আরও পড়ুন

×