চিকিৎসার জন্য তুরস্ক যেতে পারবেন ৩১ দেশের মানুষ
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২০ | ১০:৫৫ | আপডেট: ১৭ মে ২০২০ | ১১:১২
প্রাণঘাতী করোনার ঢেউ অনেকটা সামলে উঠতে পেরেছে ইউরোপের দেশ তুরস্ক। এরই মধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে দেশটির তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা।
এর ফলে দেশটি ক্রমে নিজেদের অর্থনীতির খাতগুলো খুলে দিতে শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের
প্রথম অবস্থায় স্বাস্থ্য পর্যটন খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিদেশি যারা চিকিৎসার জন্য আসবেন তাদের আইসোলেশনসহ বেশকিছু নিয়ম নীতি মেনেই আসতে হবে। যেমন একজন রোগী সঙ্গে সর্বোচ্চ দুইজন নিয়ে আসতে পারবেন। তাদের কোভিড-১৯ পরীক্ষার মধ্য দিয়েই দেশটিতে প্রবেশ করতে হবে।
যদি নিজ দেশে পরীক্ষা করার সুযোগ থাকে, তাহলে রোগীকে নিজ দেশেই কোভিড-১৯ পরীক্ষা করে ৪৮ ঘন্টা আগের রিপোর্ট নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে যাদের কোভিড-১৯ নেগেটিভি আসবে তাদের কেবল দেশটিতে ঢুকতে দেয়া হবে। আগেই হাসপাতাল বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। দেশটিতে প্রবেশ করার পর রোগী এবং তার সেবকরা সরাসরি হাসপাতালে যাবেন। অন্য কোথাও যেতে পারবেন না। সেখানেই তাদের থাকার ব্যবস্থা হবে।
৩১ দেশের রোগীরা ২০ মে থেকে তুরস্কে স্বাস্থ্যসেবা গ্রহণে যেতে পারবেন। দেশগুলোর মধ্যে রয়েছে- ইরাক, লিবিয়া, আজারবাইজান, জর্জিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখাস্তান, গ্রিস, ইউক্রেন, রাশিয়া, জিবুতি, আলজেরিয়া, কসোভো, মেসেডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, রোমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, মলদোভা, সোমালিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জার্মানি, যুক্তরাজ্য, নেদাল্যান্ডস, পাকিস্তান, কিরগিস্তান এবং তার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাস।