রংপুরে ১ হাজার ২০০ কৃষকের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৪:৪২
রংপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে ১ হাজার ২০০ কৃষকের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে পাঁচটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, পাঁচটি বাঁশের খুঁটি এবং ২৫ কেজি গোবর সার দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ। এ সময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের বাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের সংখ্যা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কৃষি কর্মকর্তারা জানান, শুধু চারা বিতরণ নয়, সেগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যায় কৃষকদের উৎসাহিত করতেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের বাড়ির আঙিনায় সবুজায়নের পাশাপাশি ফল উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।