মিরপুরে যুবককে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৩:৪৮
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে রুকুজ্জামান রিফাত (২৭) নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ করেছেন রিফাতের মা।
বৃহস্পতিবার রাতে পল্লবী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন রিফাতের মা মোছা. রওশন আরা বেগম।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক রাতে বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি যাচাই করা হচ্ছে। বিষয়টি আমাদের থানার আওতাভুক্ত হলে অভিযোগ গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রিফাতের মোবাইল ফোন থেকে কল করে জানান, তার ছেলে তাদের জিম্মায় রয়েছে। তারা এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে রিফাতের বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেন। পরে আবার ফোন করে দ্রুত টাকা পাঠাতে বলেন। তবে কোনো ব্যাংক হিসাব নম্বর বা মোবাইল ব্যাংকিং নম্বর দেননি।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অপহরণকারীরা রিফাতকে তার মায়ের সঙ্গে কথা বলতে দেন। তখন রিফাত জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশনের মেট্রোরেল স্টেশনের পাশের একটি ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে থেকে তাকে অজ্ঞান করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
রওশন আরা বেগমের দাবি, অপহরণকারীরা রিফাতকে অচেতন করে তার সঙ্গে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে ৭৭ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে আরও ২ হাজার টাকা তুলে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।