শর্ত সাপেক্ষে স্কুল খুলেছে পর্তুগালে, খুলেছে রেস্টুরেন্ট-দোকানপাটও
দোকানপাটে কেনাকাটা করছেন ক্রেতারা- রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৭:৩২ | আপডেট: ১৯ মে ২০২০ | ০৮:০৪
করোনা প্রাদুর্ভাবের কারণে বেশ কিছুদিন ধরেই লকডাউন পর্তুগাল। তবে এবার কিছুটা শিথিল হলো এই ব্যবস্থাপনা। শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে দেশের স্কুল, ক্যাফে, রেস্টুরেন্ট আর দোকানপাটের মতো জায়গাগুলো।
কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদেন এতথ্য জানানো হয়েছে।
পুরোপুরি আগের অবস্থায় এখনই ফেরত যাচ্ছে না পর্তুগাল; পুরানো চেহারায় ফিরতে আরও অনেক সময় লাগবে। কিছু শর্ত মেনে তবেই এসব স্থানে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।
স্কুল, ক্যাফের মতো জায়গা ছাড়াও খুলে দেওয়া হয়েছে পর্তুগালের ডে কেয়ার সেন্টারগুলোও। সেখানে জুতা খুলে প্রবেশ করতে হবে। কয়েকজনকে নিয়ে ছোট ছোট গ্রুপে ভাগ করে তাদের রাখা হবে একেকটি কক্ষে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে সামনাসামনি হওয়া ক্লাসগুলোতে অপেক্ষাকৃত বয়সে বড় শিক্ষার্থীদের আপাতত অংশগ্রহণ স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানের সামনে হ্যান্ড সেনিটাইজার ও নিরাপত্তা কিটের ব্যবস্থা করা হয়েছে।
স্কুলগুলো শর্তসাপেক্ষে খুলে দেওয়া হলেও অনেক অভিভাবক এখনই তার শিশুকে প্রতিষ্ঠানে পাঠাতে চান না বলে জানা যাচ্ছে।
সম্প্রতি লকডাউন শিথিল করার পর দেশটির প্রধানমন্ত্রী অন্তোনিও কোস্টাকে লিসবনে দোকান এবং ক্যাফেতে পরিদর্শন করতে দেখা গেছে। রাস্তায় বের হওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।