মমতার মন্ত্রিসভায় করোনার ছোবল
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০১:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতের পশ্চিম বঙ্গের রাজ্যসরকারের মন্ত্রিসভায় হানা দিয়েছে করোনাভাইরাস। দমকলমন্ত্রী সুজিত বসুর শরীরের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার করোনা ধরা পড়ার পর তাকে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইন অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মন্ত্রীর স্ত্রীও করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। কিছুদিন আগেই মন্ত্রী ও তার পরিবারের সকলের শরীর থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। সে পরীক্ষার ফলাফলেই দেখা যায়, মন্ত্রী সুজিত বসু এবং তার স্ত্রী, দুজনেই করোনা পজিটিভ। তবে তাদের দুজনেরই শরীরে এখনও পর্যন্ত কোনও উপসর্গ না থাকায় বাড়়িতে রেখেই চিকিৎসা চালানো হবে। খবর এনডিটিভির।
এদিকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর সংস্পর্শে যারা এসেছেন তাদেরও সন্ধান চলছে। ইতিমধ্যেই যাদের সন্ধান পাওয়া গেছে, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে একদিনে সর্বাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর, একদিনে ৩৪৪ জন করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। এর মধ্যে আবার ৭৫ জনই কলকাতা শহরের বাসিন্দা।
রাজ্যে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৫৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২২৩ জন মানুষ। এর আগে রাজ্য সরকার জানিয়েছিল, ৭২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।