জাপানে জরুরি অবস্থা শিথিলে ফের করোনার সংক্রমণ
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৩:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর দেশজুড়ে জারি করা স্বাস্থ্য ইমার্জেন্সি তুলে নিয়েছিল জাপান। তবে সপ্তাহের মাথায় এসে আবারও ভাইরাসটির সংক্রমণ দেখা দিয়েছে রাজধানী টোকিওসহ দেশটির ফুকুওকা রাজ্যে। দ্বিতীয় দফায় করোনার বিস্তার ঠেকাতে সেখানে ন্যাশনাল টিম পাঠিয়েছে প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার। খবর বিবিসি ও জাপান টাইমসের।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানের দক্ষিণের ফুকুওয়া রাজ্যের কিতাকিয়ুশু শহরে বৃহস্পতিবার নতুন করে ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে দ্বিতীয় দফায় সংক্রমণের আশংকায় নড়েচড়ে বসেছে সরকার। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি আঞ্চলিক ও ক্লাস্টার সংক্রমণ।
এদিকে বৃহস্পতিবার টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে নতুন ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে টোকিওতে টানা তৃতীয়দিনের মতো ১০ জনের বেশি করোনা পজিটিভ শনাক্ত হলো। বৃহস্পতিবারের নতুন আক্রান্তদের ৯ জন একটি হাসপাতালের নার্স ও রোগী। সেখানে গত ২১ মে একজন স্বাস্থ্যকর্মীর শরীরে প্রথম করোনা পজিটিভ আসে। পরে পরীক্ষা করে দেখা যায়, তার সংস্পর্শে আসা চার স্বাস্থ্যকর্মী ও পাঁচ রোগীর দেহেও করোনার সংক্রমণ ঘটেছে।
এ নিয়ে জাপানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৮৩ জন। মহামারিতে প্রাণ হারিয়েছেন ৮৬৭ জন। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৪৭ জন।
সংক্রমণের মাত্রা কমে আসায় বিশেষজ্ঞদের পরামর্শে প্রধানমন্ত্রী শিনজো আবে জাতীয়ভাবে জারি করা জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছেন গত সোমবার। এর আগে গত ৭ এপ্রিল দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়। মূলত মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার কারণে জাপানে করোনার সংক্রমণ কম ঘটেছে।