‘গোরক্ষা’র দেশে অনাহারে মারা গেল ৮০টি গরু
লকডাউনে গরুর যত্ন নিতে পারছেন না মালিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০১:৫২ | আপডেট: ১২ জুন ২০২০ | ০২:১৪
গরুকে হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র জ্ঞান করে থাকে। এটা তাদের ধর্মীয় ঐতিহ্য। কিন্তু গরুর পবিত্রতা রক্ষার নামে রাজনীতিবিদরা যা করে থাকে, তা যে কতটা ভণ্ডামি, তা মাঝে মধ্যেই প্রকাশ হয়ে পড়ে। এই ভণ্ডামিটা ধর্মনিরপেক্ষ হিসেবে কথিত রাষ্ট্র ভারতেই বেশি হয়ে থাকে।
করোনা মহামারি ঠেকাতে সারা দেশে লকডাউন জারি করেছে ভারত সরকার। এতে করে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষরা। এবার বিপর্যস্ত মানুষের সঙ্গে যুক্ত হলো গৃহপালিত পশুর নামও। এই লকডাউনে খাদ্যের অভাবে মারা গেছে ৮০টি গরু। আর সেসব গরুর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুরের পাল। এমন খবর দিয়েছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
মর্মান্তিক ঘটনা ঘটেছে দেশটির হরিয়ানা রাজ্যে। ওই রাজ্যটিতে আইন করে গো রক্ষার কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদির সরকার। সেখানে ক্ষুধার জ্বালায় গবাদি পশুগুলোর মৃত্যুতে তৈরি হয়েছে সমালোচনা।
খবরে বলা হয়, লকডাউনের মধ্যে হরিয়ানার সামালখা চুলাকানা অঞ্চলের শ্রী কৃষ্ণ গোশালায় খাবার জোগানের ঘাটতি হওয়ায় ক্ষুধায় মারা গিয়েছে ৮০টি গরু। গোশালার মালিক জানান, তাদের অনেক গরু রয়েছে। লকডাউনের মধ্যে সব গরুর যত্ন নিতে পারেননি তারা। এই অবস্থায় সরকারের সাহায্য চেয়েছিলেন তারা। কিন্তু কোনো সাড়া মেলেনি।
অভিযোগ, মৃতগরুগুলোর সৎকারের জন্যও কোনো জায়গা পাচ্ছেন না তারা। গোশালার ভেতরই পচছে গরুগুলোর মৃতদেহ।
ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির শাসনকালে গো রক্ষা বড় ইস্যু হিসেবে কাজ করেছে। বিশেষ করে গত কয়েক বছরে ভোটের রাজনীতিতে। কিন্তু লকডাউনে সেই গরুর মৃত্যুতে দেশটির প্রশাসন থেকে পশুপ্রেমী পর্যন্ত সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে।
গোশালার মালিক জানিয়েছেন, গোশালাটি প্রায় সাড়ে তিন একর জমির ওপর তৈরি। সেখানে ১ হাজার ১০০টি পর্যন্ত গরু থাকতে পারে। কিন্তু রয়েছে ১ হাজার ৮৫০টি। তিনি বলেন, খিদের জ্বালায় গরুগুলো মারা গেছে। আরো বহু গরু মরণাপন্ন অবস্থায় রয়েছে। শরীর এত দুর্বল যে, খাবার দিলেও খেতে পারছে না।
- বিষয় :
- গরু
- করোনাভাইরাস
- গো-খাদ্যের অভাব