ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিল্লিতে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি

দিল্লিতে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি
×

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১২:৫১

নয়াদিল্লিতে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে দেওয়া এই হুমকি। এরপর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হলে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে দিল্লির যে ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুলও রয়েছে। হুমকি পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানোর পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে। 

এনডিটিভি বলছে, হুমকিটি ইমেইলের মাধ্যমে পাওয়া গেছে। এনডিটিভির হাতে পাওয়া ওই ইমেইল অনুযায়ী, রোববার রাত ১১ টা ৩৮ মিনিটে ওই ইমেইলটি পাঠানো হয়েছিল।

ইমেইলে দাবি করা হয়েছে, “ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো ছোট এবং খুব ভালোভাবে লুকানো আছে। এটি ভবনের খুব বেশি ক্ষতি করবে না, তবে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত হবে। আপনারা সকলেই কষ্ট পাবেন এবং অঙ্গ হারাবেন।”

ইমেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার মার্কিন ডলার দাবি করেছেন।

ইমেইলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে দিল্লি পুলিশ তা তদন্ত করছে এবং ইমেইল প্রেরককেও খুঁজছে। ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল এবং স্থানীয় পুলিশসহ দমকল কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, গত অক্টোবরে দিল্লির রোহিণীর প্রশান্ত বিহারে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্কুলের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বিদ্যালয়ের দেয়াল এবং আশপাশের দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন

×