তিব্বতের পর চীনের লক্ষ্য নেপাল আর লাদাখ!
লবসাং সাংগে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৭:৫২
চীনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়ে আলোচনায় এসেছেন তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লবসাং সাংগে। তার ভাষ্য ১৯৬০ সালের পর থেকে সমগ্র দক্ষিণ এশিয়া দখলের দিকে নজর রেখেছে চিন! তিনি বলেন, চীনা আগ্রাসনের মুখে পড়তেই হবে ভারতকে।
তিনি জানিয়েছেন, শি জিন পিংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির লক্ষ্য ছিল ভারতের উপমহাদেশীয় এলাকায় নিজের প্রভাব বিস্তার করা। এজন্য ছক কষছিল অনেকদিন থেকেই তারা। যেভাবে তিব্বতের ওপর নিজের ক্ষমতা কায়েম করেছে, সেভাবেই এবার ভারতের পাশেই থাকা নেপালের ওপর ক্ষমতা কায়েম করার লক্ষ্যে তারা এগোচ্ছে। আর সেই কারণেই দীর্ঘদিন ধরে ভারত–নেপালের মধ্যে গড়ে ওঠা সুসম্পর্কে এখন চিড় ধরতে বসেছে।
শুধু তাই নয়, লাদাখে চীনা সেনার বাড়বাড়ন্তেও তিনি নতুন ছকের ইঙ্গিত পাচ্ছেন বলে জানিয়েছেন। যেভাবে চীন দু’দেশের মধ্যে শান্তি ও মিত্রতা বজায় রাখার পরিবেশ ভঙ্গ করে লাদাখ সীমান্তে ঝামেলা পাকিয়েছে, তাতে তার মনে হয়েছে চিনের নজরে রয়েছে লাদাখও।
ইতিমধ্যে নেপালের বেশ কয়েকটি এলাকা দখল করেছে চীন। সেখানে আউটপোস্ট বানানোর পরিকল্পনাও নাকি তাদের রয়েছে। টানা ৩৩ হেক্টর নেপালের জমি এখন চীনের কব্জায় রয়েছে।