আফগানিস্তানে গরুর হাটে বোমা হামলা, নিহত ২৩
হামলায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে-দ্য নিউ ইয়র্ক টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৭:৩৫
আফগানিস্তানে তালেবান অধ্যুষিত দুর্গম হিলমান্দ প্রদেশে মর্টার শেল ও গাড়িবোমা হামলায় ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু। হামলায় আহত হয়েছেন বহু মানুষ।
সোমবার প্রদেশের সানগিন জেলার এক গরুর হাটে ওই ভয়াবহ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে এ হামলার ঘটনায় আফগান সরকার ও তালেবান গোষ্ঠী পরস্পরকে দোষারোপ করেছে। খবর এবিসি নিউজের।
উগ্রপন্থী সংগঠন তালেবান গোষ্ঠীই এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে আফগান সরকার। অন্যদিকে, তালেবান নিয়ন্ত্রিত প্রত্যন্ত ওই অঞ্চলে হামলার জন্য সরকারকে দোষারোপ করছে গোষ্ঠীটি।
হামলার পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে তালেবান দাবি করেছে, এ হামলা সরকারি বাহিনী করেছে। ভিডিওটিতে দেখা যায়, দাঁড়িওয়ালা এক লোক হামলায় প্রাণ হারানো দু’জনকে দেখিয়ে বলছেন, নিহতদের একজন আমার ভাই, আরেকজন আমার ভাতিজা।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এলাকাটি তালেবান শাসিত ও দুর্গম হওয়ায় এই হামলার পেছনে কারা জড়িত এ সম্পর্কে তৃতীয় কোনো নিরপেক্ষ সূত্র থেকে খবর যাচাই করা সম্ভব হয়নি।
সম্প্রতি আফগানিস্তানে হঠাৎ করেই বেড়ে গেছে রক্তক্ষয়ী হামলার ঘটনা। এ জন্য আফগান সরকার এবং দেশটিতে অবস্থান করা মার্কিন মিত্রবাহিনী তালেবানদেরই দায়ী করে আসছে।
- বিষয় :
- আফগানিস্তান
- হামলা
- নিহত
- তালেবান