ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

মেক্সিকোর ড্রাগ রিহ্যাব সেন্টারে বন্দুক হামলা, ২৪ নিহত

মেক্সিকোর ড্রাগ রিহ্যাব সেন্টারে বন্দুক হামলা, ২৪ নিহত
×

রিহ্যাব সেন্টারে বন্দুকবাজদের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০২:২১

মেক্সিকোর একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে বন্দুকবাজদের হামলায় ২৪ জন প্রাণ হারিয়েছে। এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন আরো অন্তত ৭ জন। পুলিশ জানিয়েছে, বুধবার ইরাপুয়াতো শহরে এই ঘটনা ঘটে। ফেডারেল সরকারের তরফেও এই ঘটনার কথা নিশ্চিত করা হয়েছে। পুলিশ সোশ্যাল মিডিয়ায় ঘটনার যে ছবি শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে একটি ঘরে পড়ে রয়েছে ১০-১২ জনের রক্তাক্ত দেহ। খবর ইউরো নিউজের।

এর আগে, ৬ জুন ইরাপুয়েতোতেই একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে তাণ্ডব চালিয়েছিল বন্দুকবাজেরা। সে ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। তবে সে একই রিহ্যাব সেন্টারে বুধবারের ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

গোষ্ঠী হিংসার চ্যালেঞ্জ প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে মেক্সিকো সরকার। সে দেশের রাষ্ট্রপতি আন্দ্রে ম্যানুয়াল লোপেজ ওবরাদোর ১৯ মাস আগে ক্ষমতায় আসার পরই সেখানকার রেকর্ড স্তরের হিংসার ঘটনা কমাতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত তা কমার কোনও লক্ষণ দেখা যায়নি। বরং গত বছর গণহত্যার ঘটনা নয়া রেকর্ড স্থাপন করে এবং ২০২০ সালে এখনও পর্যন্ত তা সর্বাধিক অবস্থানে রয়েছে।

মেক্সিকোয় বর্তমানে অপরাধ ও হিংসার নয়া আখড়া হয়ে উঠেছে গাড়ি তৈরির হাব হিসেবে পরিচিত গুয়ানাজুয়াতো। মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ড্রাগ রিহ্যাব সেন্টারগুলোকেই বেশি টার্গেট করা হচ্ছে। গত বছর আগস্টে দক্ষিণ মেক্সিকোর বন্দর কোয়াটজাকোয়ালকোসের একটি বারে সশস্ত্র হামলা চালায় বন্দুকবাজরা। সে হামলায় মৃত্যু হয় অন্তত ২৬ জনের।

মেক্সিকোতে হত্যার ঘটনা রেকর্ড ছুঁয়েছে অনেক আগে। প্রতিদিন অন্তত ৯৫ জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। প্রতি ১৫ মিনিটে একজন করে মানুষকে হত্যা করা হচ্ছে। সরকারি হিসেব বলছে, ২০১৯ সালে দেশটিতে ৩৪ হাজার ৫৮২ জনকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

×