মুসলিম তরুণীর কফির কাপে লিখে দেওয়া হলো ‘আইএস’
কাপে ‘আইএস’ লিখে কফি খেতে দেয় তরুণীকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৩:২৮
কফি খেতে বসা এক মুসলিম তরুণীর সঙ্গে অবমানকর আচরণ করেছে যুক্তরাষ্ট্রের এক কফিশপের কর্মচারী। মিনেসোটা অঙ্গরাজ্যের স্টারবাক কফিশপে হিজাব পরা ওই তরুণীকে কাপের সঙ্গে ‘আইএস’ লিখে কফি খেতে দেয় দোকানটির কর্মচারী। এ ঘটনায় মামলা করেছেন আয়েশা নামের ১৯ বছর বয়সী ওই তরুণী। খবর সিএনএন ও এনএনবির।
আয়েশা সবসময় হিজাব পরেন। আর সেভাবেই সেন্ট পল এলাকার টার্গেট স্টারবাকে যান তিনি। আর তার হিজাব দেখে কফির কাপে ‘আইএস’ লিখে দেওয়া হয়।
এ ঘটনার পর আয়েশা বলেন, ‘এটি দেখে আমি হতাশ হয়ে পড়ি। এটি অবমাননাকর। এই একটা শব্দ দিয়ে গোটা পৃথিবীর মুসলিমদের হেয় করা হচ্ছে। এটা মোটেও ঠিক না।’
তিনি বলেন, ‘এই যুগে আমি এটি বিশ্বাসই করতে পারি না। মহামারির কারণে আমার মুখে মাস্ক ছিল। ওই ব্যক্তি কয়েকবার আমার নাম জানতে চান। আমি একাধিকবার নাম বলেছি।’
ঘটনাটি ঘটেছে ১ জুলাই। তবে গণমাধ্যমে ঘটনাটি জানাজানি হয়েছে দুদিন আগে।
আয়েশা বলেন, ‘আমি যেভাবে আমার নাম বলেছি তাতে আইএস শোনার কথা নয়। আমি ধীরে ধীরেই বলেছি। আর আয়েশা অপরিচিত কোনো নাম নয়।’
আয়েশার অভিযোগের পর স্টারবাক কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। তাদের দাবি, টার্গেট নামের ওই দোকানের কর্মচারী হয়তো আয়েশার নাম ঠিকমতো বুঝতে পারেনি। এক বিবৃতিতে স্টারবাক বলেছে, ঘটনার সঙ্গে আমরা সরাসরি জড়িত নই। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিন্তু যা ঘটেছে তার জন্য দুঃখিত।’
এ বিষয়ে আমেরিকান ইসলামিক কাউন্সিলের মিনেসোটার নির্বাহী পরিচালক জায়লানি হোসেইন বলেন, ওদের দুঃখ প্রকাশ যথেষ্ঠ নয়।
- বিষয় :
- কফি
- সলিম তরুণী
- কফিশপের কর্মচারী
- স্টারবাক কফিশপ
- হিজাব
- আইএস