ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মাস্ক পরতে বলায় বাসচালককে পিটিয়ে হত্যা ফ্রান্সে

মাস্ক পরতে বলায় বাসচালককে পিটিয়ে হত্যা ফ্রান্সে
×

চালককে শ্রদ্ধা জানানো হয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০১:১২

যাত্রীদের মাস্ক পরতে বলায় এক বাসচালককে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে ফ্রান্সে। ফ্রান্সের বেয়োঁ শহরের ওই ঘটনায় মারাত্মকভাবে আহত বাসচালক ফিলিপ শুক্রবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ এই ঘটনায় দেশটির পুলিশ অন্তত দু’জনকে গ্রেপ্তার করেছে। নিহত বাসচালককে শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাঁ কাসটেক্স৷

নির্মম এ ঘটনা ঘটেছে যাত্রীদের মাস্ক পরতে বলা থেকে। রগচটা যাত্রীরা বাসচালকের অনুরোধে কান দিচ্ছিল না। পরে বাসচালক ফিলিপ মাস্ক না পরলে যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন। এতেই খেপে যায় যাত্রীরা। তারা এক যোগে হামলা চালায় ফিলিপের ওপর। মারাত্মকভাবে আহত ৫৮ বছর বয়সী ফিলিপ হাসপাতালে মারা যান।

ফিলিপের মেয়ে জানান, 'বাবা ব্রেন ডেথ হওয়ার পরে লাইফ সাপোর্টে ছিল৷ আমরা ডাক্তারদের বললাম, ব্রেন ডেথ মানে সব শেষ৷ লাইফ সাপোর্ট দিয়ে আর কী হবে৷ খুলে দিন৷ ডাক্তাররাও সেই পরামর্শই দিলেন৷'

পুলিশ জানিয়েছে, খুনের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা ওই বাসেরই যাত্রী ছিল৷ ফ্রান্সের প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, প্রজাতন্ত্র তাকে মনে রাখবে একজন অত্যন্ত সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসেবে৷ অপরাধীদের শাস্তি দেবে আইন৷ সূত্র: বিবিসি

আরও পড়ুন

×