ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

‘হংকং স্বাধীন কর- স্লোগান নিষিদ্ধ করা বড় ভুল'

‘হংকং স্বাধীন কর- স্লোগান নিষিদ্ধ করা বড় ভুল'
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৩:০২ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০৩:৪৫

হংকংয়ে এখন থেকে ‘হংকং স্বাধীন কর, আমাদের সময়ের বিপ্লব’ স্লোগানটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপকে সরকারের সবচেয়ে বড় ভুল বলে জানিয়েছেন স্লোগানটির এক সহ-লেখক।

এর পাশাপাশি সব ধরনের ছাত্র রাজনীতিও নিষিদ্ধ ঘোষণা করেছে সেখানকার শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে রাজনৈতিক গান, স্লোগান, পোস্ট ও ক্লাস বয়কট করতে পারবে না সেখানকার শিক্ষার্থীরা। 

‘হংকং স্বাধীন কর’ স্লোগানটি যৌথভাবে লিখেছিলেন-প্রাক্তন স্থানীয়তাবাদী নেতা এডওয়ার্ড লেইং, বহিষ্কৃত আইনজীবী বাগজিও লেইং এবং ইয়ংস্পিরেশন দলের এক সাবেক সদস্য।

স্লোগানটির সহ লেখক ও ইয়ংস্পিরেশন দলের সাবেক সদস্য জে হংকং ফ্রি প্রেসকে বলেছেন, সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিক অস্থিরতা সামলানোর সবচেয়ে ভুল সিদ্ধান্ত।

হংকংয়ের ওপর বেশি আধিপত্য বিস্তারে বিতর্কিত নতুন নিরাপত্তা আইন পাস করেছে চীন। এ আইনকে হংকংয়ের মানুষের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছে অঞ্চলটির গণতন্ত্রপন্থীরা। 

এ আইনের আওতায় হংকংয়ে বিচ্ছিন্নতাবাদী কোনো কার্যক্রম, কেন্দ্রীয় সরকারের অবমাননা, সন্ত্রাসবাদ ও বিদেশি শক্তির সঙ্গে আঁতাত অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

গত বছর চীনের প্রস্তাবিত অপরাধী প্রত্যার্পণ বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল হংকংয়ের হাজার হাজার মানুষ। এদের মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষার্থী।

সেসময় আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয় দেড় হাজারেরও বেশি শিক্ষার্থীকে। ধীরে ধীরে প্রত্যার্পণবিরোধী এ বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী এবং গণতন্ত্রকামী আন্দোলনে।

১৯৯৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে চীন শাসনে অন্তর্ভুক্ত হয় হংকং। তখন থেকে হংকং ‘এক দেশ, দুই নীতি’ পদ্ধতির আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। হংকং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও নিজস্ব বিচার বিভাগ, আইনসভা ও নিরাপত্তা বাহিনী রয়েছে।


আরও পড়ুন

×