ভারতে করোনা আক্রান্ত ৯ লাখ পেরুলো
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০২:৩২
ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা লাগামছাড়া হয়ে পড়েছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত ৯ লাখ পেরিয়ে গেছে। সর্বশেষ এক লাখ আক্রান্তে সময় লেগেছে মাত্র চারদিন। এ পর্যন্ত করোনায় মারা গেছে প্রায় ২৪ হাজার মানুষ। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত করোনা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। বৈশ্বিক সংক্রমণের তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। খবর সিএনএন ও এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৪৯৮ জন নতুন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৯ লাখ ৬ হাজার ৭৫২ জন।
আক্রান্তের বৃদ্ধির পাশাপাশ প্রাণহানির সংখ্যাও বেড়েছে দেশটিতে। একদিনে করোনায় মারা গেছে ৫৬৩ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২৩ হাজার ৭২৭ জন।
এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১০ হাজার ৪৮২ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণহানি হয়েছে ৩ হাজার ৪১১ জনের। গুজরাটে ২ হাজার ৫৫ জন প্রাণ হারিয়েছেন করোনায়। তামিলনাড়ুতে মৃত্যু সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া উত্তরপ্রদেশে ৯৫৫ জন, পশ্চিমবঙ্গে ৯৫৬ জন, কর্নাটকে ৭৫৭ জন, মধ্যপ্রদেশে ৬৬৩ জন ও রাজস্থানে ৫২৫ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৬ হাজার মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত হলেন ২ লাখ ৬০ হাজার ৯২৪ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ১ লাখ ৪২ হাজার ৭২২ জন। রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৭৪০ জন। সংক্রমণে চতুর্থ স্থানে থাকা গুজরাটে মোট আক্রান্ত ৪২ হাজার ৭২২ জন। এছাড়া কর্নাটক ৪১ হাজার ৫৮১ জন, উত্তরপ্রদেশে ৩৮ হাজার ১৩০জন, তেলঙ্গানায় ৩৬ হাজার ২২১জন এবং পশ্চিমবঙ্গে ৩১ হাজার ৪৪৮ আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সুস্থ হওয়ার সংখ্যাও আশানুরূপ। মোট আক্রান্তের ৬৩ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৮৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫ লাখ ৭১ হাজার ৪৬০ জন সুস্থ হয়েছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রাজেশ ভূষণ বলেন, ভারতের কিছু এলাকায় সংক্রমণ খুবই ভয়ানক। মোট সংক্রমণের ৮০ ভাগই মোটামুটি ৪৯টি জেলায় ঘটেছে। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারত করোনা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। ১৩০ কোটি জনসংখ্যার দেশ করোনা মোকাবেলায় তুলনামূলক ভালো অবস্থানেই রয়েছে। ৯ জুলাইয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে প্রতি ১০ লাখে মান ৫৩৮ জন আক্রান্ত হয়েছে। তবে ভারতের চেয়ে অন্যান্য দেশে এ হার আরও ১৬-১৭ গুণ বেশি।
- বিষয় :
- মহামারি
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব