বিশ্বজুড়ে ২৫ বছরে লিভার ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার শঙ্কা
ছবি: প্রতীকী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ০৫:৪২
আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে লিভার ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হতে পারে। স্থূলতা, মদ্যপান ও হেপাটাইটিস (যকৃতে প্রদাহ) হওয়ার মতো প্রতিরোধযোগ্য সমস্যাগুলো ঠিকমতো নিয়ন্ত্রণ করা না হলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে।
চিকিৎসা সাময়িকী ল্যানসেটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গবেষণাটি করেছে বিশ্বমানের ক্যান্সার তথ্য প্ল্যাটফর্ম ‘গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি (জিসিও)’।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বর্তমানে প্রতিবছর ৮ লাখ ৭০ হাজার মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ২০ হাজারে দাঁড়াবে।
ক্যান্সারের যে ধরনগুলোয় আক্রান্ত হওয়ার কারণে প্রাণহানির সংখ্যা বেশি হয়, তার মধ্যে লিভার ক্যান্সারের অবস্থান তৃতীয়। গবেষণা প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ২০৫০ সাল নাগাদ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বছরে ১৩ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারাবে। অবশ্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল বলেছে, প্রতি পাঁচটি লিভার ক্যান্সারের তিনটি প্রতিরোধ করা সম্ভব।
গবেষকদের মতে, লিভার ক্যান্সারের প্রধান ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে– মদ্যপান, যকৃতে ভাইরাসজনিত প্রদাহ ও স্থূলতার কারণে যকৃতে চর্বি জমে যাওয়া। এর মধ্যে শেষটিকে এমএএসএলডি নামে ডাকা হয়ে থাকে। আগে এটি ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ নামে পরিচিত ছিল। খবর রয়টার্সের।
- বিষয় :
- ক্যান্সার আক্রান্ত
