আমেরিকা ও ইসরায়েলিদের জন্য কাঁটা হয়ে থাকব, হুতি সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী
হুতি সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ মুফতাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০১ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১০
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাজধানী সানায় ইসরায়েলের হামলার জবাবে দখলদার দেশটি ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করার অঙ্গীকার করেছে।
সর্বশেষ হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য নিহত হন। হুতি সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতাহ সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা পিছু হটব না। আমরা আমেরিকান, ইসরায়েলি, ব্রিটিশ এবং আরব ইহুদিবাদের জন্য কাঁটা হয়ে থাকব।’
এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ)। ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেল জানিয়েছিল, যখন হামলাটি হয় আল-রাহাওয়ি কয়েকজন সহকর্মীর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, এ হামলাটি ছিল সানার বাইরে হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ জন শীর্ষ মন্ত্রীর ওপর চালানো আরেকটি আক্রমণের বাইরে আলাদা অভিযান। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল। সেই হামলার ফলাফল এখনও পরিষ্কার নয়।
ইসরায়েলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। অন্যদিকে এন টুয়েলভের খবরে বলা হয়, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।
আরব গণমাধ্যমগুলো জানায়, সানায় প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুতি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে।
- বিষয় :
- ইয়েমেন
- হুতি বিদ্রোহী
- হুতি
