বাংলাদেশি সন্দেহে ঠেলে পাঠানো
ছয় ভারতীয়কে ফেরত নিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৫০
বাংলাদেশি নাগরিক সন্দেহে ঠেলে পাঠানো (পুশইন) ছয় ভারতীয় নাগরিককে অবিলম্বে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ– আগামী চার সপ্তাহের মধ্যে বীরভূম জেলার দুই পরিবারের ছয় সদস্যকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে হবে। তাদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা নারী সোনালি বিবিও।
সোনালি ও তাঁর পরিবার দিল্লির রোহিনীতে প্রায় দুই দশক ধরে কাগজ কুড়ানো ও গৃহপরিচারিকার কাজ করতেন। পরিবারের অভিযোগ, জুনে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে তাদের ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে বাংলাদেশে পাঠিয়ে দেয়। গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, সোনালিকে ঠেলে পাঠানো নিয়ে হেবিয়াস কর্পাস মামলা শুনবেন কলকাতা হাইকোর্ট। সেই মামলায় গতকাল শুক্রবার ছয় ভুক্তভোগীকে আগামী চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কলকাতা হাইকোর্টের এই নির্দেশ আপাতত মুলতবি রাখার আবেদন জানায় কেন্দ্র। ওই আবেদনও নাকচ করে দেন আদালত। আদালতের মন্তব্য, এদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত। তাদের দেশে ফেরানোর দায়িত্ব সরকারের।
কেন্দ্রের পক্ষ থেকে এদিন শুনানি পর্বে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীর বক্তব্য, ঘটনা দিল্লিতে ঘটেছে, তাই কলকাতা হাইকোর্টের এখতিয়ার নেই। তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়েছে। এ মামলা গ্রহণযোগ্য নয়। দিল্লি পুলিশের আইনজীবীর দাবি, সোনালির পরিবার এখন পর্যন্ত হলফনামায় প্রমাণ করেনি, তারা বাংলাদেশি নন।
বিচারপতি চক্রবর্তী পাল্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, আটকের নির্দেশে লেখা আছে, তাদের বাঙালি বস্তি থেকে আনা হয়েছে। কেবল তাই বলে কি বাংলাদেশি বলে চিহ্নিত করবেন? শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল, আইন অনুযায়ী অন্তত ৩০ দিন আটক রেখে তদন্ত করা দরকার। অথচ সোনালি বিবিকে ২৬ জুন বাংলাদেশে পাঠানো হয়েছে। আদালতের প্রশ্ন ছিল, দুদিনে কীভাবে সিদ্ধান্ত হলো, তারা বাংলাদেশি? এত তাড়াহুড়া কেন করা হলো?
মামলাকারীর আইনজীবীদের প্রশ্ন করে বেঞ্চ জানান, দেশ থেকে বহিষ্কারের আদেশকে চ্যালেঞ্জ করা হয়নি। তাই কোন ভিত্তিতে আদালত নির্দেশ দেবেন, তা স্পষ্ট করতে হবে।
দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ২৫
এদিকে বাংলাদেশি সন্দেহে গত বৃহস্পতিবার ২৫ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এর মধ্যে ১০ জন নারী এবং পাঁচ শিশু। গ্রেপ্তার ব্যক্তিরা ময়লা-আবর্জনা সংগ্রহকারী, কৃষি শ্রমিক অথবা নৈমিত্তিক পেশায় যুক্ত ছিলেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই অনুপ্রবেশকারীরা গত আট বছর ধরে কোনো ভিসা বা বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতে বসবাস করছিলেন। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের কানপুর দেহাত থেকে।
দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ-পূর্ব) ঐশ্বর্য শর্মা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসান শেখ (৩৫) এবং আবদুল শেখকে (৩৭) আটক করা হয়। তারা উভয়ে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তাদের কয়েকজন আত্মীয় এবং সহযোগী কানপুর দেহাত এলাকায় বসবাস করতেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ আরও ২৩ জনকে গ্রেপ্তার করে।
- বিষয় :
- নির্দেশনা
