ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মামদানির বিজয়ের দিনে নজর কাড়লো মা মীরা নায়ারের শাড়ি

মামদানির বিজয়ের দিনে নজর কাড়লো মা মীরা নায়ারের শাড়ি
×

ছবি- এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ১৬:২৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ | ১৬:৪৭

শাড়ি শুধু একটুকরো কাপড়ই নয়, বিশেষ মুহূর্তে তা হয়ে উঠতে পারে ইতিহাসের সাক্ষী, হতে পারে রোমাঞ্চকর এক গল্পের অংশ। এভাবেই নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের গল্পে অংশীদার হয়ে উঠেছে তার মা মীরা নায়ারের পরনের শাড়িটি। 

জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি ভারতের গুজরাটি বংশোদ্ভূত উগান্ডার নাগরিক। মা মীরা নায়ারও ভারতীয়। সন্তান মামদানির এই বিশেষ দিনে পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার বেছে নেন কুবসা ব্র্যান্ডের হাতে বোনা রেশমি-সুতি মিশেলের একটি মালদি ইলকাল শাড়ি। প্রচলিত রেড-কার্পেট ফ্যাশন নয়, বরং ভারতীয় ডিজাইনার এবং টেক্সটাইল এক্সপার্ট গীতা পাতিলের নকশা করা শাড়িটি পরে নিজের পরিচিতি তুলে ধরেছেন মীরা। 

শাড়ি বেছে নেওয়ার মাধ্যমে মীরা নায়ার অতীতের আরো একটি স্মরণীয় মুহূর্ত তুলে ধরেছেন। ১৯৮৮ সালে মীরা নায়ারের "সালাম বম্বে!' সিনেমাটির প্রিমিয়ার শো দেখান হয় কান ফিল্ম ফেস্টিভ্যালে। সেদিন ইউরোপীয় পোশাক পরিহিত শত শত মানুষের ভীড়ে শাড়িতে দেখা গিয়েছিল মীরার মা পারভীন নায়ারকে। তাকে প্রশ্ন করা হয় তিনি কোনো অভিনেত্রী কি না। জবাবে তিনি বলেছিলেন, আমি চলচ্চিত্র পরিচালকের 'প্রডিউসার।'

সাইত্রিশ বছর পার হয়ে আসে নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের রাত, মায়ের সুরেই মীরা নায়ার নিজের পরিচয় দেন, আমি মেয়র প্রার্থীর 'প্রডিউসার।'

মাহমুদ মামদানি এবং মীরা নায়ারের সন্তান জোহরানের মাঝেও রয়েছে নিজস্ব পরিচয় সযত্নে তুলে ধরার প্রবণতা। নির্বাচনী প্রচারণার বিভিন্ন সময়ে শুধু ঝাঁ চকচকে স্যুট নয়, ভারতীয় কুর্তাও পরেছেন তিনি স্বাচ্ছন্দ্যের সাথে। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র সামনে এগিয়ে যাচ্ছেন শুধু ফ্যাশন নয় বরং নিজের শেকড়কে সাথে নিয়েই। 

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×