ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসডিএফের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ সিরিয়ার 

এসডিএফের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ সিরিয়ার 
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ১৩:৩৫

উত্তর-পূর্ব সিরিয়ার আল-শাদ্দাদি কারাগার থেকে ইসলামিক স্টেটের (আইএস) বন্দিদের ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিরুদ্ধে কঠোর ভাষায় এমন অভিযোগ তুলেছে সিরিয়ার সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘রাজনৈতিক ও নিরাপত্তাগত ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করেছে। তবে এসডিএফ এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। 

মিডল ইস্ট আইয়ের খবর অনুসারে, সাম্প্রতিক সংঘর্ষের সময় আল-শাদ্দাদি কারাগার থেকে প্রায় ১২০ জন আইএস বন্দি পালিয়েছে। গতকাল মঙ্গলবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পালিয়ে যাওয়া আইএস বন্দিদের মধ্যে ৮১ জনকে আবার আটক করতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। মন্ত্রণালয়ের দাবি, এসডিএফ ইচ্ছাকৃতভাবে বন্দিদের মুক্ত করে সরকার ও আন্তর্জাতিক মহলের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চেয়েছে। 

মন্ত্রণালয় আরও জানায়, এসডিএফের সঙ্গে আগে হওয়া একটি সমঝোতার কারণে সামরিক অভিযানের সময় সিরীয় সেনাবাহিনী আল-শাদ্দাদি কারাগারে প্রবেশ করেনি। ওই সমঝোতা অনুযায়ী, কারাগারটির নিয়ন্ত্রণ দামেস্কের হাতে তুলে দেওয়ার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে আইএস বন্দিদের পালাতে সহায়তা করলে এর দায় এসডিএফকেই নিতে হবে। তবে অভিযোগ অস্বীকার করে এসডিএফ বলেছে, আল-শাদ্দাদি কারাগার থেকে বন্দিদের পালানোর ঘটনা ঘটেছে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত উপজাতীয় যোদ্ধাদের হামলার কারণে।  

যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত
যুদ্ধবিরতি ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই বন্দি পলায়নের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সমঝোতায় ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহারের কথা ছিল। কিন্তু নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত সোমবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও এসডিএফপ্রধান মাজলুম আবদির মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।  

আইএস কারাগার নিয়ে টানাপোড়েন 
বর্তমানে উত্তর-পূর্ব সিরিয়ায় এসডিএফের নিয়ন্ত্রণে এক ডজনের বেশি কারাগার রয়েছে। এসব কারাগারে প্রায় ৯ হাজার আইএস সন্দেহভাজনকে বছরের পর বছর ধরে বিচার ছাড়াই আটক রাখা হয়েছে। সিরিয়া সরকার জানিয়েছে, আন্তর্জাতিক মান অনুসরণ করে এসব কারাগারের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব নিতে তারা প্রস্তুত। 
 

আরও পড়ুন

×