ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কাবুলের বাসিন্দার বর্ণনা

‘ভেবেছিলাম ভূমিকম্প, পরে বিকট বিস্ফোরণের শব্দ শুনি’

‘ভেবেছিলাম ভূমিকম্প, পরে বিকট বিস্ফোরণের শব্দ শুনি’
×

হাসপাতালে চিকিৎসা নেন আহত এক আফগান নারী। পাশে স্বজনরা। শুক্রবার নানগারহার প্রদেশে। ছবি: এএফপি

বিবিসি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১২

আফগানিস্তানের রাজধানী কাবুলের ৬ নম্বর ডিস্ট্রিক্টের দাস্ত-ই-বার্চি এলাকা। বৃহস্পতিবার রাতে এখানে বিমান হামলা চালায় পাকিস্তান। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণে তাঁর বাড়ি প্রচণ্ডভাবে কেঁপে উঠেছিল।

নিরাপত্তার স্বার্থে ওই বাসিন্দা নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম এটি ভূমিকম্প। কারণ কয়েকদিন আগেই কাবুলে ভূমিকম্প হয়েছিল। এরপরই আমরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই।’

কাবুলের এই বাসিন্দা আরও জানান, দাস্ত-ই-বার্চির মানুষজন শব্দ শুনে সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বের হন। সারারাত তারা জেগে ছিলেন। এরপর আর কেউ ঘুমাতে পারেনি। সবাই খুব আতঙ্কে ছিলেন।

প্রত্যক্ষদর্শী এই ব্যক্তি জানান, বিস্ফোরণের কিছুক্ষণ পরই কাবুলের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা যায়। তিনি বলেন, ‘যখন আমরা মাথার ওপর যুদ্ধবিমানগুলো দেখলাম, তখন বুঝতে পারলাম যে, এগুলো পাকিস্তানের বিমান ছিল।’

পাকিস্তানের বিমান হামলার ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির বাড়ি প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে। তিনি বলেন, ‘আমার স্ত্রী ও মা-বাবা খুব ভয় পেয়েছিলেন। আমরা পুরো রাত জেগে কাটিয়েছি।’

আক্রান্ত শরণার্থী শিবির
নানগারহার প্রদেশে তালেবান সরকারের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের হামলায় এখানকার শরণার্থী শিবির আক্রান্ত হয়েছে। নয়জন আহত হয়েছেন। শিবিরটিতে পাকিস্তান থেকে ফিরে আসা আফগানরা বসবাস করছিলেন।

বিবিসি আফগান সার্ভিসকে কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

×