সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে সৌদি আরবে চীনের বিশেষ দূত
চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৪:৪২
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার কারণে সৃষ্ট সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে সৌদি আরবে গেছেন চীনের বিশেষ দূত ঝাই জুন। এই সফর নিয়ে তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেইজিং রিয়াদের সঙ্গে কাজ করবে।
সৌদি আরবকে ভালো বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করে ঝাই জুন বলেন, তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইউইর সঙ্গে বৈঠক করছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে প্রিন্স ফয়সালের কাছে ঝাই জুন বর্তমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক নাগরিক এবং অসামরিক স্থাপনায় যেকোনো হামলার নিন্দা জানানো উচিত।
বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করে ঝাই জুন বলেন, সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা উচিত।
- বিষয় :
- সংঘাত
- মধ্যপ্রাচ্য
- চীন
- সৌদি আরব
