ট্রাম্পের সিদ্ধান্তে বরখাস্ত অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, দায়িত্বে আসছেন টড ব্ল্যাঞ্চ
ডোনাল্ড ট্রাম্প ও পাম বন্ডি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১১:২১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। হঠাৎ এ সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে বন্ডির কাজের প্রশংসা করেন এবং জানান, তিনি সরকারি দায়িত্ব ছেড়ে বেসরকারি খাতে নতুন ভূমিকায় যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বন্ডির সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। যিনি আগে তার ব্যক্তিগত আইনজীবী ছিলেন, তিনি অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন।
বন্ডির অপসারণের মূল কারণ হিসেবে জেফরি এপস্টাইন সংক্রান্ত ফাইল প্রকাশ ও তদন্তের ব্যবস্থাপনা নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষকে চিহ্নিত করা হয়েছে। বন্ডি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শপথ নিয়ে এপস্টাইন মামলায় স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেও পরে বিতর্কিতভাবে বলা হয় যে সেখানে কোনো ‘ক্লায়েন্ট লিস্ট’ নেই। শেষ পর্যন্ত কংগ্রেসের আইনের চাপে লাখ লাখ ফাইল প্রকাশ করা হয়, যা ভুক্তভোগীদের পরিচয় রক্ষায় ব্যর্থতা ও দ্বিদলীয় সমালোচনার জন্ম দেয়।
পদত্যাগের বিষয়ে পাম বন্ডি বলেন, এই দায়িত্ব পালন করা আমার জীবনের বড় সম্মান। আমি দ্রুতই সব কাজ টড ব্ল্যাঞ্চের কাছে হস্তান্তর করব। তিনি আরও জানান, নতুন ভূমিকাতেও ট্রাম্প প্রশাসনের পক্ষে কাজ করে যাবেন।
অন্যদিকে ট্রাম্প তার পোস্টে বলেন, তিনি দেশের অপরাধ দমনে অসাধারণ কাজ করেছেন। যদিও অভ্যন্তরীণ সূত্রের দাবি, এপস্টাইন ফাইল ব্যবস্থাপনা নিয়ে প্রেসিডেন্টের অসন্তোষই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরেকটি উল্লেখযোগ্য প্রশাসনিক পরিবর্তন। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোমকেও দায়িত্ব থেকে সরানো হয়েছিল।
বন্ডির বিদায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি আশা প্রকাশ করেছেন, নতুন অ্যাটর্নি জেনারেল আইনের আলোকে এপস্টাইন সংক্রান্ত সব নথি প্রকাশ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে টড ব্ল্যাঞ্চ বন্ডির নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে বিভাগ পরিচালনা করেছেন।
উল্লেখ্য, পাম বন্ডি ট্রাম্পের প্রথম ইমপিচমেন্ট ট্রায়ালে তাঁর আইনি দলে সক্রিয় ছিলেন এবং ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- বরখাস্ত
