ট্রাম্পকে অপসারণ করতে ‘২৫তম সংশোধনীর’ প্রয়োগ চান মার্কিন আইনপ্রণেতারা
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০১:৫৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করার জন্য তাঁর প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ট্রাম্পকে পদ থেকে অপসারণ করতে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে বলছেন তারা। এই সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কংগ্রেসম্যান রিপাবলিকান এই প্রেসিডেন্টকে সরানোর জন্য সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি সর্বশেষ ব্যক্তি যিনি ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধকে আরও উস্কে দিচ্ছেন, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করছেন। গত ৪৮ ঘণ্টায় তাঁর বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে।
এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমরও ইরানে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা ঠিক নয়। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন। ইমপিচ করুন। অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদ ব্যক্তিকে পদ থেকে সরাতে হবে।’ হ্যাসট্যাগ ব্যবহার করে নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবারিও বলেন, ২৫তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে। কংগ্রেস ও মন্ত্রিসভাকে পদক্ষেপ নিতে হবে।
