ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দ্বিতীয় দফা সংলাপের তোড়জোড়, বল ইরানের কোর্টে বলছে যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফা সংলাপের তোড়জোড়, বল ইরানের কোর্টে বলছে যুক্তরাষ্ট্র
×

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। প্রতীকী ছবি

এপি ও এএফপি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৩:৫২

আগামী কয়েকদিনের মধ্যে দ্বিতীয় দফায় সংলাপের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির দুই সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই ইসলামাবাদ এই বৈঠক আয়োজন করতে চায়। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, আলোচনার স্থান পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে কোনো বিশেষ অনুরোধ না এলে ইসলামাবাদেই বৈঠকটি হতে পারে। অপরদিকে এএফপিকে এক সূত্র বলেছেন, দ্রুতই বৈঠক হবে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

আরেক কর্মকর্তা বলেন, প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়া শেষ হলেও এটিকে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতে হবে। এটি কেবল একবারের কোনো প্রচেষ্টা ছিল না।

বল ইরানের কোর্টে
দ্বিতীয় দফায় বৈঠক আয়োজনের কূটনৈতিক তৎপরতার মধ্যে সংঘাত বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বল এখন ইরানের কোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানিরা যোগাযোগ করছে। তারা একটি চুক্তি করতে চায়। 

কূটনৈতিক তৎপরতা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছেছেন। এর কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছিল, ল্যাভরভ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সঙ্গেও ফোনালাপ করেছেন।

যেকোনো শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিরাপদে রাখার প্রস্তাব দিয়েছে। আলোচনার শুরু থেকেই ট্রাম্প প্রশাসন দাবি করছে, যেকোনো চুক্তি হওয়ার আগে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বন্ধের নিশ্চয়তা দিতে হবে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ সংলাপে যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিতের প্রস্তাব দিয়েছিল। বিপরীতে ইরান তাদের কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার কথা বলে। পরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন

×