ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা উচিত, সৌদি যুবরাজকে শি

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা উচিত, সৌদি যুবরাজকে শি
×

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি: সিনহুয়া

এএফপি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৯:৩২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ১৯:৩৪

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় চীনা প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা উচিত। 

ফোনালাপের বরাত দিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। প্রতিবেদন অনুযায়ী, সালমানকে শি জিনপিং বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখা উচিত। এটি আঞ্চলিক দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের বিষয়।’ 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে চীন স্থিতিশীলতার পক্ষে আছে বলেও মন্তব্য করেন শি জিনপিং। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর কয়েকদিন পর থেকে ইরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। চীন উপসাগরীয় দেশগুলোর বড় বাণিজ্যিক অংশীদার এবং তারা ইরানের তেলের প্রধান ক্রেতা। এই তেলের অধিকাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। 

চলমান যুদ্ধবিরতির মাঝে গত শুক্রবার ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি উন্মুক্তের ঘোষণা দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে পরদিন তা ফের বন্ধ ঘোষণা করে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রও বর্তমানে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি রেখেছে। দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। 

ফোনালাপের সময় সৌদি যুবরাজকে শি জিনপিং বলেন, তাৎক্ষণিক ও ব্যাপক যুদ্ধবিরতির বিষয়ে চীন সবসময় কথা বলবে।

আরও পড়ুন

×