পাকিস্তানে বুধবার সংলাপ শুরুর খবর, ইরানের অবস্থান অনিশ্চিত
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য সংলাপ ঘিরে সড়কে বিলবোর্ড টানানো হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদে। ছবি: এএফপি
রয়টার্স ও এএফপি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৫:৩৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১৫:৫০
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ আগামীকাল বুধবার শুরু হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন পাকিস্তানের একটি সূত্র। তবে ইরানের অবস্থান নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েই গেছে।
নাম প্রকাশ না করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছেন, সবকিছু সামনের দিকে এগোচ্ছে। বুধবার আলোচনা শুরু হওয়ার বিষয়টি সঠিক পথেই আছে। চুক্তি স্বাক্ষরের মতো পরিস্থিতি তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন। আলোচনায় তাঁর মার্কিন দলের নেতৃত্ব দেওয়ার কথা।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কোনো ইরানি প্রতিনিধি এখনো (মঙ্গলবার দুপুর) পাকিস্তানের উদ্দেশে রওনা দেননি। নাম প্রকাশ না করা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমটিতে আরও বলা হয়েছে, আলোচনায় অংশগ্রহণ ও চুক্তির বিষয়টি নির্ভর করবে ওয়াশিংটনের আচরণ ও অবস্থানের ওপর।
দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ প্রথম দফার সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। মঙ্গলবার তিনি বলেছেন, কোনো হুমকির মধ্যে তেহরান আলোচনা মেনে নেবে না।
- বিষয় :
- সংলাপ
- পাকিস্তান
- ইরান
- যুক্তরাষ্ট্র
