ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের
×

নাবিহ বেরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬ | ২১:২২

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, চলমান হামলার মধ্যে কোনো আলোচনা অর্থবহ নয়।

লন্ডনভিত্তিক আরবি দৈনিক আশার্ক আল-আওসাতকে দেওয়া সাক্ষাৎকারে বেরি বলেন, গোলাগুলির মধ্যে আলোচনা চালানোর কোনো মানে নেই। তিনি বলেন, এই অবস্থায় আলোচনায় বসা কার্যত বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম যেখানে সরাসরি আলোচনার নীতি অনুসরণ করছেন, সেখানে বেরি ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

বেরি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কথিত যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হয়নি, বরং এর ফলে ইসরায়েল আরও আগ্রাসন বাড়ানোর সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বেরি প্রশ্ন তোলেন, ‘এই যুদ্ধবিরতি কোথায়? ইসরায়েল কি শহর ধ্বংস, বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া এবং নারী, শিশু ও বয়স্কদের হত্যার কার্যক্রম বন্ধ করেছে? আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্সের পথরোধ করা কি বন্ধ হয়েছে?’
সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×