ব্রেক্সিট নিয়ে স্টারমারের নরম সুর, ইইউ ঘিরে বড় প্রতিশ্রুতি
লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে সোমবার বক্তব্য দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত
পলিটিকো ও বিবিসি
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৭:১৫ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৭:৫০
নেতৃত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জের মধ্যেই সোমবার ভাষণ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইঙ্গিত দিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনের আগে তিনি ব্রেক্সিট সংক্রান্ত নিজের অবস্থান নমনীয় করতে পারেন। একইসঙ্গে বলেছেন, ইউরোপের সঙ্গে তাঁর দেশ সম্পর্ক উন্নয়ন করবে।
যুক্তরাজ্য ২০২০ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যায়। যেটি বেক্সিট নামে পরিচিত। স্টারমার বলেন, বেলজিয়ামের ব্রাসেলসে আসন্ন ইইউ সম্মেলনে তিনি ব্রিটেনের জন্য এক নতুন দিশা নির্ধারণ করবেন। ইইউয়ের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ভিত্তি তৈরি করবেন।
স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির বড় হারের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন নিয়ে চাপের মুখে আছেন স্টারমার। নিজ দলের ভেতর থেকে তাঁর নেতৃত্ব নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। এ অবস্থায় তিনি এমন প্রতিশ্রুতি দিলেন।
স্টারমার বলেন, আগের সরকারের পরিচয় তৈরি হয়েছিল ইউরোপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে। আগামী ইইউ সম্মেলনে যুক্তরাজ্য ইউরোপের কেন্দ্রে থেকে দেশের জন্য একটি নতুন দিশা নির্ধারণ করবে। বর্তমান সরকারের পরিচয় তৈরি হবে ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে। এর ফলে যুক্তরাজ্য অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা- সব ক্ষেত্রেই আরো শক্তিশালী হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন এই সম্পর্কের মূলে থাকবে একটি উচ্চাভিলাষী যুব প্রকল্প। যাতে যুক্তরাজ্যের তরুণরা ইউরোপে কাজ করা, পড়াশোনা এবং বসবাসের সুযোগ পায়।
যুক্তরাজ্যের চলমান কিছু সংকট মোকাবিলায় ধীর পদক্ষেপ কোনো কাজে আসবে না উল্লেখ করেন লেবার পার্টির এই নেতা বলেন, ব্রিটিশ জনগণের জন্য দ্রুত পরিবর্তন জরুরি। তাই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে লেবার সরকার নিজেদের পরিচয় তুলে ধরবে।
স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হারকে ‘কঠিন’ পরিস্থিতি আখ্যা দিয়ে স্টারমার বলেন, তিনি জানেন মানুষ তাঁর ওপর ক্ষুব্ধ। অনেকেই নেতৃত্ব নিয়ে সন্দিহান। তবে তিনি তাদের ভুল প্রমাণ করবেন। সরকারের কিছু পদক্ষেপ ভুল ছিল উল্লেখ করার পাশাপাশি তিনি জানান, ইরান যুদ্ধ এবং জনসেবায় বিনিয়োগের মতো রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিক ছিল।
প্রধানমন্ত্রীত্ব থাকা নিয়ে উদ্বেগের মধ্যে এমন ভুল স্বীকার ও প্রতিশ্রুতিই যথেষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে স্টারমার বলেন, তিনি কেবল প্রয়োজনীয় দিকনির্দেশনা নির্ধারণ করছেন। লেবার পার্টির সামনে এটিই শেষ সুযোগ কি না- এমন প্রশ্নের জবাবে স্টারমার বলেন, তিনি যা মোকাবিলা করছেন সেটি উপলব্ধি করতে পারছেন।
- বিষয় :
- কিয়ার স্টারমার
- ইইউ
- যুক্তরাজ্য
- ইউরোপীয় ইউনিয়ন
