চুক্তিতে ইউরেনিয়ামের মজুত ত্যাগ করতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস
তেহরানে যুক্তরাষ্ট্রবিরোধী একটি বিলবোর্ডের সামনে পথচারী। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৩:০১ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৩:০৫
ইরানের সঙ্গে প্রায় চূড়ান্ত হতে যাওয়া যে চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তাতে ইউরেনিয়ামের মজুত ত্যাগের ইঙ্গিত আছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
টাইমস লিখেছে, সম্ভাব্য চুক্তিতে তেহরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করার বিষয়ে একটি ‘দৃশ্যমান প্রতিশ্রুতি’ আছে। খুঁটিনাটি বিষয়গুলো প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর আলোচনা করা হবে।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি বন্ধের চাপ দিয়ে আসছে। টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি লিখেছে, তেহরান ঠিক কীভাবে ইউরেনিয়ামের মজুত ত্যাগ করবে, তা বর্তমান প্রস্তাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর ইরান আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ইরানি কর্মকর্তারা প্রায়ই জোর দিয়ে বলেছেন, দুই পক্ষের মধ্যে এখনো কিছু বিষয়ে দূরত্ব বা অমিল রয়ে গেছে। পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিতর্কটি প্রাথমিক আলোচনার অংশ হবে না।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর আগে ওয়াশিংটনের সঙ্গে ‘সম্পর্ক পুনরুদ্ধারের একটি প্রবণতা’র কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, আমরা সব গুরুত্বপূর্ণ বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছে যাব।’
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বাঘাই বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে একটি সমঝোতা স্মারক বা এক ধরনের রূপরেখা চুক্তি তৈরি করা। প্রাথমিক এই রূপরেখা চূড়ান্ত হওয়ার পর ৩০ থেকে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কাজ করা হবে।
ঘোষণায় ট্রাম্প যা বলেছেন
স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্র, ইরান ও অন্যান্য বেশ কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। এটি আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় আছে। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, চুক্তিতে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি, হরমুজ প্রণালিও খুলে দেওয়ার কথাও আছে।
ডোনাল্ড ট্রাম্প জানান, শনিবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এবং তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিরা এই চুক্তি নিয়ে আলোচনার জন্য তাঁর সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তাঁর ‘খুবই ভালো’ ফোনালাপ হয়েছে।
বিস্তারিত তথ্য না জানিয়ে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিক ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে। খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
- বিষয় :
- ইউরেনিয়াম
- ইউরেনিয়াম সমৃদ্ধ
- ইরান
- যুক্তরাষ্ট্র
- চুক্তি
