সব কমিটি বিলুপ্ত ঘোষণা তৃণমূল কংগ্রেসের
তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়। ছবি: সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৭:৪৭
বিধানসভায় দলনেতা কে হবেন, তা নিয়ে বিতর্কের মাঝে মূল কমিটিসহ সব ধরনের অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ভারতের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি)।
বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, সতর্ক বিবেচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং এর সমস্ত শাখা সংগঠন অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হলো।
বার্তায় আরও বলা হয়েছে, দল এখন প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মক্ষমতা পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়নের একটি ব্যাপক কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে, মূল দল এবং সমস্ত শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে।
১৫ বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করার পর এবার বিজেপির কাছে ক্ষমতা হারায় তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ৮০টি আসন পাওয়ার পর ভাঙনের মুখে পড়েছে দলটি। দলের এই সিদ্ধান্তের মাত্র এক ঘণ্টা আগে তৃণমূলের হয়ে নির্বাচিত অন্তত ৫৯ জন বিধায়ক দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বেছে নেন।
ভোটে হেরে যাওয়ার পর তৃণমূলের তরফে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তারপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে বিধায়কদের স্বাক্ষর করা একটি দলীয় রেজল্যুশনের চিঠি দেওয়া হয় বিধানসভায়। সেখানে বিষয়টি জানানো হয় এবং শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন করা হয়।
কিন্তু সেই চিঠিতে বিধায়কদের সই জালের অভিযোগ ওঠে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তদন্ত শুরু করে সিআইডি। একাধিক বিধায়কের বাড়িতে যান তদন্তকারীরা। নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান, সই জালের বিষয়টি সামনে এনেছেন তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তারপরই ওই দুই বিধায়ককে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।
- বিষয় :
- বিধানসভা
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস
