হামলার হুমকি দিয়েও তা বাতিল করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হরমুজ বন্ধ ঘোষণা
ইরানি সূত্রের দাবি, আলোচনায় অগ্রগতি হয়েছে
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৯:২৬ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১১:১২
| প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইরান আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় এরই মধ্যে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের সামরিক কমান্ড। গতকাল বৃহস্পতিবার তারা জানিয়েছে, তেলের ট্যাঙ্কার, বাণিজ্যিকসহ যে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলেই হামলা চালানো হবে।
আলজাজিরার খবরে বলা হয়, বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে গতকাল বৃহস্পতিবার হামলা চালানো হয়। এ ছাড়া জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতেও ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। পাশাপাশি তারা উল্লেখ করেছে, হরমুজ প্রণালি দিয়ে অবৈধভাবে পার হওয়ার চেষ্টা চালানো জাহাজেও আঘাত হেনেছে তারা।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল আজরাক এলাকাকে লক্ষ্য করে ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জর্ডানের আকাশসীমা লঙ্ঘন মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী। ইরানে আগে চালানো মার্কিন হামলার
জবাবে এ আক্রমণ চালানো হয়েছে।
হামলার হুমকি থেকে সরলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে ইরানে ব্যাপক হামলা চালানোর হুমকি দেন। পাশাপাশি তিনি বলেন, খার্গ দ্বীপও দখল করে নেবে যুক্তরাষ্ট্র। তবে সময় গড়াতেই তা পাল্টে যায়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, ইরানে হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরানের উচ্চ পর্যায় থেকে আলোচনায় অনুমোদন আসার কারণেই ওই পরিকল্পনা বাতিলের পথে হেঁটেছেন তিনি।
ইরানে চালানো সাম্প্রতিক হামলাগুলোতে দেশটির সামরিক নজরদারি সক্ষমতাতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ভূখণ্ডে মার্কিন হামলার নিন্দা জানানো হয়েছে। তারা বলেছে, এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধবিরতিকে কার্যত অর্থহীন করে ফেলছে।
আলোচনায় অগ্রগতি
ইরানি একাধিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তির আলোচনা আগের চেয়ে জোরদার হয়েছে। ইরানের তিনটি সূত্র ও ইউরোপীয় এক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার বিস্তারিত বিষয় নিয়ে বার্তা চালাচালি করছে। কিছু ইস্যু নিয়ে খুঁটিনাটি আলাপ হওয়া বাকি। এগুলোর মধ্যে বিদেশে জব্দ করে রাখা শত শত কোটি ডলারের ইরানি তহবিলের ইস্যুও রয়েছে।
ইরানের একটি সূত্র জানায়, আলোচনায় অগ্রগতি হয়েছে। ইরানে আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার জানিয়েছেন, চুক্তি অতি সন্নিকটে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনার বিষয়ে কিছু জানাননি। ইরান যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। বিশেষ করে ইরান ও লেবাননে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধের জেরে বিশ্বে তেলের দামও বেড়ে গেছে। গত এপ্রিলে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি হলেও চলতি সপ্তাহে এসে আবার হামলা-পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে।
গোপনে ১০ কোটির বেশি ব্যারেল তেল স্থানান্তর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার জানান, মার্কিন সামরিক বাহিনী গোপনে হরমুজ প্রণালি দিয়ে ২০০ বাণিজ্যিক জাহাজ ও ১০ কোটিরও বেশি ব্যারেল তেল স্থানান্তরে সহায়তা করেছে। নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এই প্রচেষ্টা ব্যাপকভাবে সফল হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র হরমুজ নিয়ন্ত্রণ করে; ইরান নয়। ইরানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে এবং অর্থনীতি হারিয়ে গেছে।
ইরানকে হামলা বন্ধ করতে বলল ২২ দেশ
হামলা চালানো বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ২২টি দেশ। দেশগুলোর বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখা কুদস ফোর্স বিদেশের মাটিতে ইরানি বংশোদ্ভূত ব্যক্তি, সাংবাদিক, ইহুদি ও ইসরায়েলি কমিউনিটির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে। এর অবসান ঘটাতে হবে।
এই বিবৃতি দিয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, বুলগেরিয়া, কানাডা, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নর্থ মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।
- বিষয় :
- হরমুজ প্রণালি
