ফের চুক্তির দাবি ট্রাম্পের, এবার তেহরান যা বলছে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৩:০৩ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১৩:০৮
মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধের চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে শুক্রবার জানিয়েছে তেহরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কয়েকদিনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। একইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে পূর্বঘোষিত হামলা বাতিলের কথা জানান।
ট্রাম্পের এই মন্তব্যের পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতির পাশাপাশি অপরিশোধিত তেলের দাম কমে যায়। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে এবং অনুমোদনও পেয়েছে। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, চুক্তির মূল বিষয়গুলোতে আঞ্চলিক মিত্ররা, বিশেষ করে ইসরায়েলও রাজি হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার বলেন, তেহরান চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
বাঘাই আরও বলেছেন, চুক্তির অধিকাংশ খসড়া চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র নতুন দাবি তুলে তাদের অবস্থান পরিবর্তন করে। তখনই সমস্যার শুরু হয়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত দুই মাসে ট্রাম্প এ নিয়ে ৩৮ বার একটি চুক্তির কাছাকাছি থাকার দাবি করলেন। সম্ভাব্য কোনো সমঝোতা নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
এদিকে মার্কিন প্রেসিডেন্টকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, সম্ভাব্য চুক্তিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অনুমোদন দিয়েছেন কি না? জবাবে তিনি বলেন, ‘সম্ভবত হ্যাঁ।’
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনালাপ হয়েছে। সেখানে ট্রাম্প আশ্বাস দিয়েছেন, সম্ভাব্য সমঝোতা স্মারকে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংসের বিষয়টিও থাকবে।
