ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং
সীমান্ত এলাকায় সতর্ক থাকতে মাইকিং করছে বিজিবি। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১৫:৩২
সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ভারতের ত্রিপুরা থেকে পুশইন, মাদক ও চোরাচালানসহ সর্বসাধারণের অবৈধ কার্যক্রম ঠেকাতে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। একইসঙ্গে জেলায় অবস্থিত বিজিবি ২৫ ও ৬০ ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব বিষয়ে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।
গত বুধবার রাতে জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জবাব আহমেদ জানান, গত সাতদিন ধরে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, মাদকও চোরাচালান প্রতিরোধে রাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে এবং একই সময়ে মাইকিংও করা হচ্ছে।
সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গতকাল কসবা ও আখাউড়া সীমান্তের বিভিন্ন বিওপির পক্ষ থেকে অনুপ্রবেশ, মাদক এবং চোরাচালান ঠেকাতে সতর্কতামূলক গত ৩/৪ দিন ধরে মাইকিং করা হচ্ছে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেলার সঙ্গে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যের ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ২৫ ব্যাটালিয়ন এবং সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন নামে বিজিবির দুটি ব্যাটালিয়ন রয়েছে। কসবা ও আখাউড়া উপজেলার অধিকাংশ সীমান্ত এলাকা সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন এবং আখাউড়া উপজেলার একাংশসহ বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা ছাড়াও হবিগঞ্জ জেলার একাংশ ২৫ ব্যাটালিয়নের দায়িত্বে রয়েছে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
