ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সুইজারল্যান্ডে শুরুতেই লেবানন নিয়ে জরুরি বৈঠক, আরও যা থাকছে

সুইজারল্যান্ডে শুরুতেই লেবানন নিয়ে জরুরি বৈঠক, আরও যা থাকছে
×

আলোচনা উপলক্ষে বিলাসবহুল বুর্গেনস্টক হোটেল কমপ্লেক্স সাজানো হয়েছে অংশগ্রহণকারী দেশের পতাকায়। রোববার সুইজারল্যান্ডে। ছবি: এএফপি

সিএনএন

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৩:১৮ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৩:৩৮

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় লেবানন ইস্যুতে একটি জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। এটিই হবে আলোচনার প্রথম বিষয়। বৈঠক সম্পর্কে অবহিত এক কূটনীতিক সূত্র রোববার সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। রওনা দেওয়ার আগে বলেছিলেন, তাঁর অন্যতম অগ্রাধিকার হলো লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অগ্রগতি অর্জন করা। একজন ইরানি কর্মকর্তাও সিএনএনকে বলেন, লেবাননের সংঘাত বন্ধ করাই ইরানি প্রতিনিধি দলের এজেন্ডায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 

ইরান বারবার বলেছে, ইসরায়েল যদি লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আর এগোবে না। দেশটির দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এখনও সংঘাত চলছে। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ১৪ দফা সমঝোতা স্মারকের প্রথম দফা ছিল লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। 

ওই সমঝোতার পর এটিই হতে যাচ্ছে প্রথম মুখোমুখি আলোচনা। এতে লেবানন ছাড়াও গুরুত্ব পাবে হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যু।

শনিবার ইরানের সামরিক কমান্ড ঘোষণা দেয়, তারা হরমুজ বন্ধ করে দেবে। কারণ হিসেবে লেবানন পরিস্থিতির কথা উল্লেখ করে। তবে মার্কিন সামরিক বাহিনী এই জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে নৌপথটিতে যুক্তরাষ্ট্র টোল আরোপ শুরু করবে। 

পারমাণবিক কর্মসূচির বিষয়ে শনিবার সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘ইরান প্রাথমিক চুক্তিতেই পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা উন্নয়ন না করার ব্যাপারে সম্মত হয়েছে।’ তবে বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে কী হবে, সে সিদ্ধান্ত ৬০ দিনের আলোচনার জন্য তুলে রাখা হয়েছে। সুইজারল্যান্ডে এখন সেই আলোচনা শুরু হচ্ছে।

দুই দেশের মধ্যে এর আগের আলোচনাগুলোতেও সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি মূখ্য ছিল। এ বিষয়ে একমত হতে না পারায় সেসব আলোচনায় অচলাবস্থা তৈরি হয়।

আরও পড়ুন

×