ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভেনেজুয়েলা

৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
×

বিবিসি বাংলা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২২:২০ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ২২:২৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ফলে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার কয়েকটি দেশের উদ্ধারকর্মী যৌথভাবে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের ১৪০ টন ওজনের স্তূপের নিচে হার্নান গিল নামের ওই ব্যক্তিকে শনাক্ত করেন উদ্ধারকর্মীরা। একশ’ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর তাকে বের করে আনা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে চিলির এক অগ্নিনির্বাপক কর্মী ভেনেজুয়েলার উদ্ধার অভিযানকে তার দেখা ‘সবচেয়ে জটিল এবং কারিগরিভাবে কঠিন অভিযান’ হিসেবে বর্ণনা করেছিলেন।

ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দলগুলো হার্নান গিলকে উদ্ধার করতে সহায়তা করেছে।

গিলের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের তৈরি করা পথগুলোর কিছু অংশ বেশ কয়েকবার ধসে পড়েছিল, যা তার পাশাপাশি উদ্ধারকারীদের জন্যও ঝুঁকি বাড়িয়ে তুলেছিল।

কোস্টারিকা রেড ক্রসের রিকার্ডো আরিয়াস স্থানীয় সাংবাদিক জোয়ান ক্যামার্গোকে জানিয়েছেন, গিলের শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি আরও জানান যে, হার্নান গিলকে উদ্ধার করার পর পানি পান করাতে এবং স্যালাইন দিতে সক্ষম হয়েছেন তারা।

আরিয়াস বলেন যে, শপিং সেন্টারটি ধসে পড়ার সময় গিল অলৌকিকভাবে পিষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন বলেই মনে হচ্ছে।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন

×